২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেলে নাশকতা: রিমান্ড শেষে সাংবাদিকসহ পাঁচজন কারাগারে

ডিইউজে এর একাংশের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মেট্রোরেলে নাশকতা: রিমান্ড শেষে সাংবাদিকসহ পাঁচজন কারাগারে
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৯ জুলাই ঢাকার মিরপুরে মেট্রোরেল স্টেশনে তাণ্ডব চালানো হয়। ফাইল ছবি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 11:23 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদ শেষে ঢাকার মিরপুরের কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এর একাংশের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া অন্যরা হলেন- সানাউল হক নিরু, আলমগীর, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওরফে নাইম ও আব্দুল আজিজ সুলতান।

শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য দিয়েছেন আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে কাফরুল থানার মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী।

গত ২৬ জুলাই এই পাঁচজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ৫ থেকে ৬ হাজার লোক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ ও বহির্গমন গেইট ভেঙে অনধিকার প্রবেশ করে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়।আসামিরা সেখানে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করে মামলায় আরও বলা হয়েছে, এতে মেট্রোরেল স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ১০০ কোটি টাকা। আসামিরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রম চালায়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৫ জুলাই থেকে সহিংসতা শুরু হয়, ১৬ জুলাই তা প্রাণহানিতে রূপ নেয়। এরপর আন্দোলন ঘিরে সহিংসতা চলে ২১ জুলাই পর্যন্ত। এই সময়ে ঢাকার বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। হতাহত হয় অনেক মানুষ। 

এসব সহিংসতার ঘটনায় কয়েকশ মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার মানুষকে। গ্রেপ্তারদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আন্দোলনকারী শিক্ষার্থীরাও রয়েছেন।