Published : 21 Mar 2026, 12:56 AM
এক মাস রোজা শেষে নজরুলের গানের সুরে ‘দোস্ত-দুশমন’ ভুলে ‘হাতে হাত মিলিয়ে’ ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশের মুসলমানরা।
রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন এবং সরকারপ্রধান তারেক রহমান দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, জানিয়েছেন সম্প্রীতির আহ্বান।
এমন এক সময়ে এবার ঈদুল ফিতর এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ চলছে। বিপুল সংখ্যক প্রবাসী সেখানে আতঙ্কের মধ্যে ঈদ করছেন। দেশে তাদের স্বজনরা আছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
এবার ৩০ রোজা শেষে মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপিত হচ্ছে সারাদেশে। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলমের হিসাবে এবার রাজধানীর প্রায় দেড় কোটি মানুষ স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামে গেছেন। পথের ভোগান্তির পরও উৎসবের রঙ ছড়িয়েছে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
শনিবার সকালে ঈদগাহে কিংবা মসজিদে ঈদের নামাজ পড়বেন মুসলমানরা। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।
সাড়ে তিন দশক পর দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেবে ঈদের প্রধান জামাতে। স্বাভাবিকভাবেই নামাজ শেষে মোনাজাতে থাকবে যুদ্ধের অবসান আর শান্তির প্রত্যাশা।
ঈদের আগে দুই দিনই ঝড়বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আবহাওয়া অফিস বলছে, শনিবার ঈদের দিনও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
ঈদ উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেইফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের আগে-পরে কয়েক দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
ঈদ ঘিরে জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয়ভাবেও সিটি করপোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঈদের পথে
নতুন সরকারের দেওয়া এক দিনের বাড়তি ছুটির ফলে সাত দিনের কাজের বিরতি মিলেছে চাকরিজীবীদের। লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গেছে বহু মানুষ।
শবে কদরের ছুটির পরদিন ১৮ মার্চ ছুটি দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। এরসঙ্গে আগে ঘোষিত ছুটি রয়েছে পাঁচ দিনের।
এই সাত দিনের সঙ্গে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ ছুটি নেন, তাহলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে তার ছুটি হতে পারে আরও দীর্ঘ।
বিএনপি সরকার গঠনের পর নতুন আবহে এলাকাবাসীর কাছে গেছেন রাজনীতিকরা; আরও এক ঈদ বাড়ি থেকে দূর করতে হচ্ছে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে, যারা চব্বিশের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে জেলে কিংবা পালিয়ে বেড়াচ্ছেন।
লম্বা ছুটির পথ ধরে স্বস্তি নিয়ে নিয়ে ঈদযাত্রা শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাতে কিছুটা ছেদ পড়ে। এর মধ্যে বগুড়ায় রেলে বড় একটি দুর্ঘটনা ঘটেছে, ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানি হয়েছে।
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি যাচ্ছিল ‘নীলসাগর এক্সপ্রেস’।
বেলা ২টার দিকে ট্রেনটি সান্তাহার স্টেশনে থামে। সেখান থেকে ট্রেনটি তিলকপুর স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে।
কিছু সময় পর আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের নয়টি বগি লাইন থেকে বেরিয়ে যায়।
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর ঢাকা থেকে সরাসরি উত্তরের কিছু জেলায় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক করতে ২২ ঘণ্টার বেশি লেগে যাওয়ার কথা জানিয়েছেন রেল বিভাগের কর্মকর্তারা। দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশনে ভোগান্তিতে পড়েন উত্তরের দুই ট্রেনের যাত্রীরা।
সকালে কমলাপুর স্টেশনে এসে নীলফামারীর চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ও দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেসের’ নাগাল মিলছিল না।
বুধবার সকালে ঢাকা সদরঘাটে দুটো লঞ্চের চাপায় পড়ে ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রীর প্রাণ গেছে, আরেক যাত্রীর খোঁজ মেলে দুদিন পর শনিবার রাতে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী।
এবার ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, এবার গণপরিবহনগুলো নির্ধারিত ভাড়ার ‘বেশি আদায় করছে না’।
তবে ‘যাত্রী কল্যাণ সমিতি’ বলছে, এবার ঈদে ৮৭ শতাংশ বাস ও মিনিবাসে ভাড়া বাড়ানো হয়েছে। সব মিলিয়ে শুধু ঈদযাত্রায় যাত্রীর পকেট থেকে অতিরিক্ত ভাড়াবাবদ বের করে নেওয়া হচ্ছে ১২১ কোটি ৮০ লাখ টাকা।
ঈদ বাজারে
ঈদ বাজারে পরিবেশ ও বিকিকিনিতে ‘স্বস্তি’ থাকার কথাই বলছেন দোকানি ও ক্রেতারা। বাড়তি দামের বিষয়ে ক্রেতাদের অভিযোগের বিপরীতে সেটাকে ‘স্বাভাবিক’ হিসাবে বর্ণনা করেছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, পরিবেশ বেশ ‘স্বস্তিদায়ক’ ছিল ব্যবসায়ীদের জন্য। বিকিকিনিতে প্রত্যাশার কিছু কমতি থাকলেও সেটা অস্বাভাবিক নয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে পোশাক আমদানি বন্ধ থাকায় অনেক ক্রেতার মন ভরাতে না পারলেও দেশীয় শিল্পের জন্য তা ইতিবাচকই হয়েছে।
“ঈদ সামনে রেখে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নানান ধরনের পোশাক আসে এবং মানুষও সেগুলো খোঁজে। এবার সেভাবে আসেনি। তবে, এক্ষেত্রে আমাদের দেশীয় কারখানার সুবিধা হয়েছে। আগামী দুয়েক বছর এভাবে চললে আমরা এক্ষেত্রে পুরোপুরি স্বাবলম্বী হয়ে যাব।”
ঈদের শিক্ষা
পৃথক বাণীতে দেশবাসী ও সারা বিশ্বের মুসলমনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, “শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদ-উল-ফিতরের তাৎপর্য অপরিসীম। অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে।
“একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের এ অভিযাত্রায় পবিত্র ঈদ-উল-ফিতরের শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে এ প্রত্যাশা করি।”
বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, “সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এসময় সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরো দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
সরকারপ্রধান হিসাবে নিজের প্রথম ঈদ বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
“এ আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেই এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক এ প্রত্যাশা করি।”
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় বঙ্গভবনে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
কখন কোথায় ঈদ জামাত
বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তার বন্দোবস্তুও সারা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্য়বেক্ষণ করে আশ্বস্ত করেছেন।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে হবে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান।
আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। এ ময়দানে ঈদের জামাত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
সকাল ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে। সংসদ সদস্য ছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা সেখানে ঈদের নামাজ পড়বেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এবারও আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে। সেখানে জামাত হবে সকাল ৮টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় হবে ঈদের জামাত।
চট্টগ্রাম নগরীতে ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারে মত এখানে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং ১০টায় তৃতীয় জামাত হবে।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ।
একই সময়ে সিলেট নগরীর সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদ জামাত হবে। মাওলানা আব্দুস সালাম আল মাদানী এ জামাতে ইমামতি করবেন।
পুরনো খবর
সদরঘাটে দুর্ঘটনা: ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি একজনের
সান্তাহারের দুর্ঘটনায় ঢাকায় দুর্ভোগ ২ ট্রেনের যাত্রীদের
নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত