রাজধানীতে মিছিল: ছাত্রলীগের ৩ জন কারাগারে, ৪ জন কিশোর উন্নয়ন কেন্দ্রে
বনানী এলাকায় মশাল মিছিল ও নাশকতা চেষ্টা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রাজধানীর বনানীতে মশাল মিছিল করার অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আরও চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের পাঠানো হয়েছে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুক্রবার এ আদেশ দেন।
কারাগারে যাওয়া তিনজন হলেন- মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা বনানী থানার এস আই নজরুল ইসলাম তালুকদার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ‘ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা’ ও ‘অপপ্রচারের উদ্দেশ্যে’ ঝটিকা মিছিল বের করার কথা ‘স্বীকার করেছে’। মামলার রহস্য উদঘাটন ও পলাতক আসামিদের শনাক্ত করতে তাদের রিমান্ডের আবেদন করা হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন।
মামলায় বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে বনানী থানার ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে লোকজন মশাল মিছিল ও ‘নাশকতার চেষ্টা’ চালায়। খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। অন্যরা পালিয়ে যান।
এ ঘটনায় বনানী থানার এসআই সিদ্দিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে শুক্রবার মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
