Published : 05 Mar 2026, 03:07 PM
এখন থেকে আমদানিকারকের আয়কর ঠিক করতে আমদানি-রপ্তানির শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’র তথ্য ব্যবহার করবেন কর ক্যাডারের কর্মকর্তারা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতদিন এ সফটওয়্যার ব্যবহার করে কেবল আমদানির ক্ষেত্রে শুল্ক ও অন্যান্য করের হিসাব কষতেন শুল্ক কর্মকর্তারা।
আমদানি পর্যায়ে আয়করের একটি অংশ ‘অগ্রিম আয়কর’ নামে সংগ্রহ করা হয়।
অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে আয়কর কর্মকর্তাদের প্রবেশের সুযোগ না থাকায় এ তথ্য নিয়ে আমদানিকারকদের সঙ্গে সমস্যা তৈরি হতো; একইসঙ্গে আয়কর সংক্রান্ত মামলাগুলো দীর্ঘ হতো।
এ সমস্যা নিরসনে আমদানির প্রকৃত তথ্য যেন আয়কর কর্মকর্তারাও পায় এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে আয়করের ‘ইন্টিগ্রেশন’ থাকে—এমন দাবি আসছিল বহুবছর ধরে। এনবিআরের এ সিদ্ধান্তের ফলে সেটির যাত্রা শুরু হল।
এনবিআর বলছে, করদাতার আমদানি করা পণ্যের মূল্য এবং আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের প্রকৃত তথ্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভার থেকে সংগ্রহ করে তার ভিত্তিতে আয়কর নির্ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।