Published : 02 Feb 2026, 04:23 PM
শিক্ষার্থীদের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণে ফের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এ বোর্ডের শিক্ষার্থীরা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে সোমবার থেকে আগামী ৫ ফেব্রুয়ারি মধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও ফি পরিশোধ করতে পারবেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দায় সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের ২ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি জমা।দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে আমরা নোটিস জারি করেছি।"
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
গত ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ চলে ১০ জানুয়ারি পর্যন্ত।
পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি দিয়ে ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরমপূরণের সুযোগ পান। পরে বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
এবারের এসএসসি পরীক্ষার ফরমপূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণে এ ফি দিতে হবে।
আর ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বোর্ড বলছে, পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নিতে পারবে না স্কুলগুলো।