বাংলাদেশের পরিস্থিতি ‘স্বাভাবিক’, ‘খুশি’ চীন
নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এ কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও সংঘাতের পর বাংলাদেশের পরিস্থিতি ‘শান্ত ও স্বাভাবিক’ হয়ে আসার কথা তুলে ধরে তাতে ‘খুশি’ হওয়ার কথা বলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে মুখপাত্র লিন জিয়ান বলেন, “বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা এবং সামাজিক শৃঙ্খলা ফিরে আসার খবর জানতে পেরেছে চীন। বাংলাদেশের বন্ধু ও নিকট প্রতিবেশী হিসেবে চীন তাতে খুশি।”
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণা করলে ছাত্ররা চলতি জুলাইয়ের শুরু থেকে ফের আন্দোলনে নামে। ধীরে ধীরে তাদের আন্দোলনের মাত্রা ও ব্যপ্তি বাড়তে থাকে।
এরইমধ্যে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘাতের পর পরিস্থিতি পাল্টে যায়। পরদিন ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে ছয়জনের মৃত্যুর খবর আসে।
এর প্রতিক্রিয়ায় ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা হয়, সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও। গোটা দেশে নানা গুজব ছড়িয়ে পড়ে, এর মধ্যে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদে হামলা শুরু হয়। প্রাণহানির সংখ্যাও বাড়তে থাকে।
রামপুরায় বিটিভি ভবন, মেট্রোরেলের দুটি স্টেশন, বনানীতে সেতু ভবন, মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট।
পরদিন পরিস্থিতির অবনতি হলে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় সারাদেশে। কারফিউ জারির পরও অনেক স্থানে সংঘর্ষ চলে। বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতায় ২০০ জনের মৃত্যুর খবর এসেছে সংবাদমাধ্যমে। সরকারের তরফে দেড়শ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়।
দুই দফায় তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। পরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় কারফিউ শিথিল করে অফিস-আদালত ও কলকারখানা আবার খুলে দেওয়া হয়েছে। দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরুর অপেক্ষা।
পাঁচ দিন বন্ধ রাখার পর ব্রডব্যান্ড এবং ১০ দিন বন্ধ রাখার পর মোবাইল ইন্টারনেট খুলে দেওয়া হয়। দুই সপ্তাহ পর ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়।
সহিংসতা এবং দুই সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে বুধবার থেকে স্বাভাবিক সময়ে অফিসের কার্যক্রম শুরু হয়েছে। রোববার থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকার বাইরের সব প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত কয়েকদিনের এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
বাংলাদেশ পরিস্থিতির ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, “শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের অবিচল সমর্থনের বিষয়ে আমরা অবস্থান পুনর্ব্যক্ত করছি।”
জাতিসংঘ বলেছে, নিরাপত্তা বাহিনীর ‘অতিরিক্ত বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে’ জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন।
সহিংসতার ঘটনার তদন্তে মহাসচিবের ‘ম্যান্ডেট অনুযায়ী’ বাংলাদেশকে সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছে জাতিসংঘ।
এসব ঘটনায় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়া এবং সম্পত্তি ধ্বংসের বিষয় তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, “সব কর্মকাণ্ডের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
“অনেকক্ষেত্রে সাংবাদিক ও ছোট্ট শিশুসহ বিক্ষোভকারী ও অন্যদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ও প্রাণঘাতি শক্তিপ্রয়োগের যেসব ঘটনা, সেগুলোর পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। হাজারে হাজারে যারা গ্রেপ্তার হয়েছে, তারা যেন নিশ্চিতভাবে আইনি প্রক্রিয়া পায়।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ পরিস্থিতি ক্রমান্বয়ে শান্ত হয়ে আসার খবর এসেছে এবং সেখানকার জীবনজীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এরপরও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিছু দেশ। চীনের মন্তব্য কি?”
উত্তরে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ আসায় খুশি হওয়ার কথা তুলে ধরে মুখপাত্র আরও বলেন, ”চীন ও বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগী অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুই দেশের নেতৃত্বের মধ্যকার অভিন্ন বোঝাপড়ার বিষয়গুলো বাস্তবায়নে চীন প্রস্তুত রয়েছে।”
একইসঙ্গে দুদেশের সামগ্রিক কৌশলগত অংশীদারত্বকে গভীর করার মাধ্যমে উভয় দেশের জনগণের উপকার বয়ে আনার বিষয়েও প্রস্তুত থাকার কথা বলেন মুখপাত্র লিন।
