Published : 12 Jul 2026, 04:59 PM
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের লক্ষণ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে বাঁকি চার জনের প্রাণহানি হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৬৪ জন প্রাণ হারিয়েছেন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯০ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৪৯ জন।
ঢাকা বিভাগে ভর্তি ৩৬৫ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৭৪, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪১, খুলনায় ৪৬, রংপুরে ১৮ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৩৪০। যার মধ্যে ৯০ হাজার ৬০৫ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ৪৮০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০।