২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

“তিনি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 02:01 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মত তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি পৌঁছান বলে প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানিয়েছেন। 

এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রেস সচিব আবদুল্লাহ এম ছালেহ বলেন, “প্রধানমন্ত্রী আজকে তেজাগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম অফিস করেছেন। তিনি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।”

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় পুরনো অনেক কর্মকর্তা-কর্মচারীর নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন তারেক রহমান এবং বিশেষ মোনাজাত করেন। সেখানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী তার কক্ষে বসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এই সময়ে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব আব্দুন নাসের খানসহ আরও কয়েকজন ছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে দুইদিন অফিস করেন।