১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোববার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান
সরকার পতনের পর পুলিশশূন্য ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 04:36 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

প্রবল গণ আন্দোলনে সরকার পতন ও সহিংসতার ধাক্কা কাটিয়ে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ১৮ অগাস্ট থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিযেছেন বলে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দিয়েছিল।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১৫ জুলাই সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী-পথচারীসহ ছয়জনের প্রাণ যায়।

উদ্বেগজনক পরিস্থিতিতে সেদিন রাতেই সারা দেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

পরদিন সকালে ৮টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরিস্থিতির অবনতি হলে পরে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সরকার।

গত ৪ অগাস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হলেও পরিস্থিতি খারাপের দিকে গেলে তা স্থগিত করা হয়।

গত ৫ অগাস্ট সরকার পতনের পরদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ অগাস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়েছিল। এরপর কিছু প্রাথমিক বিদ্যালয় খুললেও মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসায় অধিকাংশ স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকে।