Published : 25 Jul 2026, 06:02 PM
জনগণকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়া বর্তমানে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে মূলধারার সংবাদমাধ্যমের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ না হয়ে বরং তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত।
“যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো তথ্য সংবাদ নয়, তা কেবল মতামত হতে পারে। সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া, যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে।”
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বেঙ্গল ডেলটা কনফারেন্সে’ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ও দৈনিক ওয়াদা সম্পাদক শফিকুল আলম, হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মনি দীক্ষিত, দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দারসহ সংবাদমাধ্যম সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।