‘ফ্যাসিবাদী মনোজগতের’ উৎস ভালো করে বুঝতে হবে: তথ্যমন্ত্রী
“ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে।”
‘ফ্যাসিবাদী সংস্কৃতি’র মূলোৎপাটনে এর উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, “রাজনৈতিক বিশ্লেষকদের অনুরোধ করব—সেই (আওয়ামী লীগ) সময়ের তিন তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টেম করতে হবে।
“ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে, আরো ভালো করে বুঝতে হবে। আমি যত বেশি বুঝব-জানব, তত বেশি ক্ষমতাসীন দল হিসেবে বা দলের নেতাকর্মী হিসাবে আমার মনোজগতকে বা আমাদের মনোজগতকে আমরা ভাইরাসমুক্ত রাখতে পারব।”
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিরে দেখা সেই সময় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেলেন জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, “এই অধ্যয়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা—এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব; তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব—যদি ‘ফিরে দেখা’ গ্রন্থের সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলোকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি।”
তথ্যমন্ত্রী স্বপন বলেন, ‘‘দেশনায়ক তারেক রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসেবে আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে।
“আগামী দিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন, আমি খুব খুশি হব। কারণ আমরা বিশ্বাস করি যে, ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।”
অনুষ্ঠানে ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রশংসা করে মন্ত্রী বলেন, “তিনি বাংলাদেশের বিতর্ক সংস্কৃতিকে অনেক বেশি জনপ্রিয় করেছেন; যে সমাজ বিতর্ককে ভয় পায়, যে সমাজ বিতর্ককে নাকচ করে, সেই সমাজ একটা জলাবদ্ধতায় আটকে যায়।
“বিশেষ করে তরুণ বয়স থেকেই নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিতর্ক এবং বিতর্ক করার জন্য যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেজমেন্ট, যে ক্রিটিক্যাল অবজারভেশন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা।”
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, “কনসার্ন করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই…সবকিছুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ—এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আমাদের পবিত্র ইসলাম ধর্মের নবীজি বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধর্ম বিশ্বাসকে নাকচ করেই কিন্তু আজকের এই ধর্মের জন্ম হয়েছে।
“অতএব অন্ধের মত কোন কিছুকে মেনে নেওয়ার মধ্যে কিন্তু কোন কৃতিত্ব নাই। হ্যাঁ আমি মানতে রাজি আছি। কিন্তু তার আগে তো বুঝতে হবে আমাকে এবং বোঝাবুঝির জন্য যতটুকু বিতর্ক আমার করা উচিত, ততটুকু বিতর্ক করার মুক্ত চিন্তা এবং সৎ সাহস সম্পন্ন নাগরিক তৈরি করাই হবে ফিরে দেখা সময় বইয়ের লেখকদের কাজ।”
মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বইয়ের প্রকাশক সৈয়দ আবদাল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিদ্দিকুর রহমান খান, বাংলাভিশনের হেড অব নিউজ আবদুল হাই সিদ্দিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।
