Published : 13 Mar 2026, 01:40 PM
লেখক, গবেষক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে অবিলম্বে জামিন দিয়ে তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন ব্যক্তি এবং ১৫টি সংগঠন।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড রামি রেঞ্জার, হাউজ অব কমনসের সদস্য বব ব্ল্যাকম্যান আলাদাভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে কারাবন্দি শহরিয়ার কবিরের স্বাস্থ্যের অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জেনোসাইড ওয়াচের প্যাডে প্রধানমন্ত্রীকে লেখা আলাদা চিঠিতে একই আহ্বান জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ৬৮ জন প্রতিনিধি এবং ১৫টি মানবাধিকার সংগঠন।
জুলাই অভ্যুত্থানের পর ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। পরে জুলাই আন্দোলনের সময়কার একাধিক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। সেই থেকে এই মানবাধিকার কর্মী ও চলচ্চিত্র নির্মাতা কারাগারে রয়েছেন।
এসব মামলায় একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জামিনের আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে লর্ড রামি রেঞ্জার লিখেছেন, “আমি যে তথ্য পেয়েছি, তাতে জানা যায় যে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তাকে (শাহরিয়ার) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগগুলো বিশেষভাবে উদ্বেগজনক, কারণ ন্যায়বিচার, মানবাধিকার এবং আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকার একটি সুস্পষ্ট রেকর্ড রয়েছে তার। সারাজীবন তিনি নৃশংসতা, উগ্রবাদ এবং সব ধরনের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে পরিচিত।
“তার বর্তমান স্বাস্থ্য ও কারাবন্দি দশার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আমি বিশেষভাবে উদ্বিগ্ন। শাহরিয়ার কবির হুইল চেয়ারে চলাফেরা করেন এবং তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কারাগারে থাকা অবস্থায় তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা তিনি পাননি।”
লর্ড রামি রেঞ্জার লিখেছেন, “পরিস্থিতির গুরুত্ব এবং মানবিক দিক বিবেচনা করে আমি বিনীতভাবে আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন চিকিৎসার জন্য তাকে অবিলম্বে জামিন দেওয়া হয় এবং যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।”
সেইসঙ্গে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে করা মামলাগুলো পুনর্বিবেচনা করতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন হাউস অব লর্ডসের এই সদস্য।

হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান তার চিঠিতে লিখেছেন শহরিয়ার কবিরের স্বাস্থ্যের অবনতির খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি জানতে পেরেছেন, কারাগারে বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত শহরিয়ার কবিরের ওজন ‘উল্লেখযোগ্য পরিমাণে’ কমে গেছে এবং তিনি প্রায় দাঁড়াতেও পারছেন না।
“পরিস্থিতির গুরুত্ব এবং মানবিক দিক বিবেচনা করে আমি বিনীতভাবে আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন শহরিয়ার কবিরকে অবিলম্বে জামিন দেওয়া হয় এবং তার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করা হয়।”
বব ব্ল্যাকম্যানও শহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলাগুলো পুনর্বিবেচনা করার পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
জেনোসাইড ওয়াচের প্যাডে লেখা চিঠিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরি এইচ স্ট্যান্টন লিখেছেন, “আমরা, স্বাক্ষরকারী মানবাধিকার ও গণহত্যা প্রতিরোধ বিষয়ক সংগঠনসমূহ, পাশাপাশি মানবাধিকারকর্মী ও গণহত্যা গবেষকরা, বর্তমানে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি শহরিয়ার কবিরের আটকাবস্থা এবং তার স্বাস্থ্যের অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে এই চিঠি লিখছি।
“৭৫ বছর বয়সী লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও মানবাধিকারকর্মী শহরিয়ার কবির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা, ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রসার এবং ধর্মীয় বহুত্ববাদের পক্ষে আজীবন কাজ করার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত। মানবাধিকার, গণহত্যার দায়বদ্ধতা এবং শান্তি বিষয়ে তিনি বহু বই ও প্রামাণ্যচিত্র রচনা ও নির্মাণ করেছেন।”
চিঠিতে বলা হয়, শহরিয়ার কবির বিরুদ্ধে একাধিক হত্যা ও মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে আন্তর্জাতিক মানবাধিকার মহল এবং গণহত্যা গবেষকদের মধ্যে ‘গভীর উদ্বেগ’ সৃষ্টি করেছে।
২০২৫ সালের অক্টোবরে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন তার আটককে ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদের লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করে, সে কথাও তুলে ধরা হয়েছে জেনোসাইড ওয়াচের চিঠিতে।
এ সংগঠন এবং চিঠিতে স্বাক্ষরকারীরা বলছেন, কারাগারে শহরিয়ার কবিরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা বিশেষভাবে উদ্বিগ্ন।
“প্রতিবেদনে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে পারে এবং কারাগারের তার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তাকে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ না দেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার বিষয়ও এর মধ্যে রয়েছে।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে বলা হয়, “আমরা বিনীতভাবে আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, মানবিক কারণে শহরিয়ার কবিরকে অবিলম্বে জামিন দেওয়া হোক এবং তার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক, যাতে তাকে হুইলচেয়ার সহায়তা দেওয়া হয় এবং যথাযথ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন-
শাহরিয়ার কবির দুই দিনের রিমান্ডে
শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারে উদ্বেগ যুক্তরাজ্যভিত্তিক দুই সংগঠনের