Published : 01 Jul 2026, 10:19 PM
প্রতারণা করে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মামুনুর রশীদ।
রাফে ফার্স্ট টেপস অ্যান্ড কেমিকেল লিমিটেড ও ফার্স্ট করপোরেশন (প্রা.) লিমিটেডের এমডি হাফিজ আহমেদের ছেলে। তাকে কারাগারে পাঠালেও তার দুই বোনসহ তিন আসামির জামিন বহাল রেখেছে আদালত।
প্রতারণা করে ১৫ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৫৬৭ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২ মে হাফিজ আহমেদ, তার স্ত্রী সাইফুন নাহার মাহেনু, ছেলে আব্দুল্লাহ আল রাফে, মেয়ে ফাবিহা জাহিন রাইদা ও সাইমা সাদিয়া এবং নাসির আহমেদ জারজিসের বিরুদ্ধে মতিঝিল থানায় এ মামলা করেন প্রতিষ্ঠানটির অংশীদার মনিরুল ইসলাম। তাদের মধ্যে হাফিজ আহমেদ ও সাইফুন নাহার মাহেনু পলাতক।
বুধবার মামলার শুনানিতে স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন রাফে, রাইদা, সাদিয়া ও জারজিস। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রিয়াসাত আযমী। তবে বাদীপক্ষের আইনজীবী মামুনুর রশীদ আসামিদের জামিন বাতিলের আর্জি জানান।
শুনানি নিয়ে আদালত রাফের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।