১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলাতেও আবুল বারকাতের জামিন, কারামুক্তিতে ‘বাধা নেই’

“এখন পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারাদেশ নেই।”

হত্যা মামলাতেও আবুল বারকাতের জামিন, কারামুক্তিতে ‘বাধা নেই’
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 03:04 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছে আদালত। 

অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন তার এক আইনজীবী।

মঙ্গলবার শুনানি নিয়ে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এদিন আবুল বারকাতের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শাহীনুর ইসলাম; ‘অসুস্থ’ বিবেচনায় যেকোনো শর্তে জামিনের আর্জি জানান। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেয়।

আবুল বারকাতের আরেক আইনজীবী বাবুল মিয়া বলেন, “এখন পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারাদেশ নেই। আপাতত তার কারামুক্তিতে বাধা নেই।”

গত রোববার ওয়াদুদ হত্যা মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। সোমবার সেই আবেদন শুনানি করে জামিন নাকচ করে দিয়েছিল আদালত।

গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন দুদকের এ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ।

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক। 

ওইদিন জুলাই আন্দোলনের সময়কার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশ। এরপর ১৪ জুন শুনানি নিয়ে এ আবেদন মঞ্জুর করে আদালত। তাতে করে আবুল বারকাতের কারামুক্তির সুযোগ আটকে যায়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব। মামলা হয় নিউ মার্কেট থানায়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।

আরও পড়ুন

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নাকচ

হত্যা মামলায় গ্রেপ্তার বারকাত, আটকে গেল মুক্তি

অন্য মামলায় গ্রেপ্তার না থাকলে আবুল বারকাতকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ

‘ঋণ জালিয়াতি’: আতিউর ও বারকাতের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক