২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাত্র ছেলের চিকিৎসায় ‘অর্থকষ্ট’, বিষপানে নারীর ‘আত্মহত্যা’

তার ছেলে তিন বছরের আফরাজ জন্মের পর থেকে জটিল কিডনি রোগে ভুগছে।

একমাত্র ছেলের চিকিৎসায় ‘অর্থকষ্ট’, বিষপানে নারীর ‘আত্মহত্যা’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 12:59 AM

Updated : 26 Aug 2026, 09:34 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিষপানে অসুস্থ চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে; যিনি ’আত্মহত্যা’র চেষ্টা থেকে এমন কাজ করেছেন বলে পুলিশের ধারণা।

স্বজ্নদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ বলছে, ঢাকার কামরাঙ্গীচরের এই নারী টাকার অভাবে তিন বছর বয়সী একমাত্র সন্তানের চিকিৎসা করাতে না পেরে ‘হতাশায়’ বিষপান করেন।

ওই নারীর নাম আফরোজা (২৩)। তার স্বামী মো. রানা গুলিস্তানের একটি কাপড়ের দোকান কর্মচারী। 

কামরাঙ্গীরচরের ট্যানারি পুকুর পাড় এলাকায় ঠিকাদার মনিরের বাসায় ভাড়া থাকতেন তারা।

বিষপানে অচেতন হয়ে পড়ার পর রোববার দুপুরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে তার মৃত্যু হয় বলে জানান মৃত আফরোজার দেবর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আফরোজার একমাত্র সন্তান তিন বছরের আফরাজ জন্মের পর থেকে জটিল কিডনি রোগে ভুগছে। অনেক কষ্টে ছেলের চিকিৎসা করাচ্ছিল এ দম্পতি। ছেলের চিকিৎসা করাতে গিয়ে তাদের প্রচুর ধারদেনা করতে হয়েছে। অর্থাভাবে এখন শিশুটির চিকিৎসা একরকম বন্ধ হয়েই ছিল। এটা নিয়ে খুবই হতাশাগ্রস্থ ছিলেন আফরোজা।

তার ভাষ্য, এর জের ধরে রোববার বেলা ১১টার দিকে বিষপান করেন আফরোজা। তাকে অচেতন হয়ে পড়তে দেখার পর স্বজনেরা ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

কামরাঙ্গীচর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। ‘অস্বচ্ছলতার’ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।