২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফার আশ্বাসে ‘অর্থ আত্মসাৎ’: দুই নাইজেরিয়ানসহ গ্রেপ্তার ৩

এদের একজন বছর খানেক আগেও একবার র‌্যাবের হাতে ধরা পড়েছিলেন। ছাড়া পেয়ে আবার প্রতারণায় জড়িয়ে পড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 12:34 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ফেইসবুকে মোটা অঙ্কের মুনাফার আশ্বাস দিয়ে বিভিন্নজনের টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার রাতে ও সোমবার ঢাকার বসুন্ধরা ও মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।

গ্রেপ্তার নাইজেরিয়ার দুই নাগরিক হলেন  ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল। গ্রেপ্তার বাংলাদেশির নাম সুইটি আক্তার।

তাদের কাছে দুটি ল্যাপটপ, ১০টি মোবাইল, একটি ট্যাব ও একটি হার্ড ড্রাইভ পাওয়া গেছে। 

সোমবার রাতে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে র‌্যাব-১ অধিনায়ক জাহিদুল করিম বলেন, এসব ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করতেন।

“বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম মানের ব্যবসায়ীদের কাছ থেকে চক্রটি বিভিন্ন দফায় অর্থ আত্মসাৎ করেছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি প্রতারণার ফাঁদও তৈরি করত।"

তিনি বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন বিদেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বর ধরে অনুসন্ধান চালিয়ে চক্রটিতে নাইজেরিয়ার কিছু নাগরিকের জড়িত থাকার বিষয়টি 'নিশ্চিত’ হওয়া যায়।

র‌্যাব বলছে, চক্রের সদস্যরা মেয়েদের ব্যবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ‘ক্যাশ ইন’ ‘ক্যাশ আউটের’ মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বাস অর্জনের জন্য এদের মধ্যে থেকে একজন বিত্তবান বিদেশি নাগরিক সাজেন। ফেইসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে তারা প্রতারণা করে।

র‌্যাব বলছে, এ ক্ষেত্রে তারা ফটোশপ করা বিভিন্ন ধরনের ছাড়পত্র ও সার্টিফিকেট বানিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে প্রথম ধাপে সামান্য অর্থ হাতিয়ে নেয়।

পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্স অথবা বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হয়, যেখানে অনেকেই প্রলুব্ধ হয়ে টাকা দিয়ে দেন।  

গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিক কোকো ও ইমানুয়েল প্রায় ২ বছর এই প্রতারণার সঙ্গে জড়িত। তাদের সহযোগী সুইটি আক্তার ৩ মাস ধরে যুক্ত হয়েছে।

এদের মধ্যে কোকো বছর খানেক আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ছাড়া পেয়ে আবারও প্রতারণায় জড়ায় পড়েন তিনি। 

তাদের থেকে ২টি নগদ ও বিকাশ একাউন্ট এ প্রায় ১৮ লাখ টাকার স্টেটমেন্ট পাওয়ার কথা বলছে র‌্যাব। 

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, "গ্রেপ্তার বিদেশি দুই নাগরিকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে তারা জানায় এবং একজনের পাসপোর্ট আগেই জব্দ করা হয়েছে।"

বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ না থাকলে বাড়ি ভাড়া বা সাবলেট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত শতাধিক নাগরিকের কাছ থেকে কমপক্ষে ১৮ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কেউ ৫০ হাজার দিয়েছে, কেউ এক লাখ দিয়েছে।

"এ চক্রে দেশি-বিদেশি আরও কিছু ব্যক্তি জড়িত। আমরা তদন্ত করছি; তাদেরও গ্রেপ্তার করা হবে।"