কেরাণীগঞ্জের আগুন: মা-মেয়ের পর প্রাণ গেল দগ্ধ সোনিয়ার
এক সপ্তাহ আগের এ অগ্নি দুর্ঘটনায় এই নিয়ে পাঁচজনের মৃত্যু হল, যারা সবাই একই পরিবারের সদস্য। হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।
ঢাকার কেরাণীগঞ্জে টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দগ্ধ সোনিয়া বেগমও মারা গেছেন, যিনি এ দুর্ঘটনায় মা ও মেয়েসহ পরিবারের চারজনকে হারিয়েছেন আগেই।
এক সপ্তাহ আগের এ অগ্নি দুর্ঘটনায় এই নিয়ে পাঁচজনের মৃত্যু হল, যারা সবাই একই পরিবারের সদস্য। হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।
২৩ বছর বয়সী সোনিয়া ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
সোনিয়ার শরীরের ২৩ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন।
গত ৩০ অগাস্ট ভোরে জিনজিরা মান্দাইল জেলেপাড়ার টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগলে দুই শিশুসহ ছয়জন দগ্ধ হন। তাদের মধ্যে সোনিয়ার মেয়ে আট বছর বয়সী মরিয়ম আক্তার ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এরপর শুক্রবার দুপুরে সোনিয়ার বোনের ছেলে শাহাদত হোসেন (২০) এবং সন্ধ্যায় তার মা মোছাম্মৎ বেগম (৬০) মারা যান। আর সোমবার মারা যান সোনিয়ার খালা পান্না বেগম (৫০) ।
চিকিৎসক আইউব হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন শাহাদতের ভাই ইয়াছিনের (১২) অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছিলেন, মান্দাইল জেলেপাড়ার একটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারাই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এই দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু আত্মীয়স্বজন সবাই হাসপাতালে ভর্তি থাকায় বেশি কিছু জানা সম্ভব হয়নি।"
