Published : 04 Jul 2026, 09:21 PM
এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টে ইউএস বাংলা এয়ারলাইন্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার এ টুর্নামেন্টের ফাইনালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কাতার এয়ারওয়েজকে এক-শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয়েছে এয়ার ইন্ডিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খেলোয়াড় জাহাঙ্গীর আলম।
দুই দিনের এ টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স কোম্পানি অংশ নেয়। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ টুর্নামেন্ট আয়োজন করে।
শুক্রবার সকালে ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্ট উদ্বোধন করেন।
ছয়জন খেলোয়াড়ের অংশগ্রহণে ছোট মাঠের এ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।