কারওয়ান বাজারে সড়কে ঝরল যুবকের প্রাণ
ঘটনার পর চালক কভার্ড ভ্যান নিয়ে পালিয়ে গেছে।
ঢাকার কারওয়ান বাজারে কভার্ড ভ্যান চাপায় এক যুবক মারা গেছেন।
বুধবার গভীররাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলামোটর থেকে বাইকযোগে ফার্মগেটের দিকে আসার সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে চাপা দেয়।
“ফলে মোটরসাইকেল চালক লুৎফর রহমান রাইয়ান (২৬) মারা যান। পেছনে বসা বন্ধু আতিকুল ইসলাম আহত হন।”
রাইয়ানের মামাত ভাই শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাইয়ান নেত্রকোণা থেকে কয়েক দিন আগে ঢাকায় খালার বাসায় বেড়াতে এসেছিল।
“প্রায় বছর খানেক আগে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স শেষ করে নেত্রকোণায় গ্রামের বাড়ি চলে যান। এরপর ঢাকায় আসা-যাওয়ার মধ্যে ছিল, কিছু করতো না।”
নিহতের বাবা নেত্রকোণা আদালতের আইনজীবী বলে জানান শহিদুর রহমান। রাইয়ান তার দুই বোনের একমাত্র ভাই ছিলেন।
ওসি মোবারক বলেন, “ঘটনার পর চালক কভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায়। তবে হেলপার তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।”
