হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
প্রায় এক মাসে সারাদেশে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুইজন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ১২ হাজার ৩১৮ জন।
তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩২ জনের। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ১৬৬ জন।
হাম আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা ১৮ জন। তার পরেই পাঁচজন, বরিশালের হাসপাতালগুলোতে মারা গেছে।
এছাড়া, চট্টগ্রামের হাসপাতালগুলোতে চারজন, ময়মনসিংহে দুই ও রাজশাহীতে তিনজন মারা গেছে। খুলনার হাসপাতালগুলোতে এখনো নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৭৬ জন ঢাকায় মারা গেছে; আর ৬৪ জন রাজশাহী বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১১, খুলনায় ১০, সিলেটে তিন ও বরিশালে দুইজন হামের লক্ষণ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জন হাম আক্রান্ত হয়েছে; এ সময়ে ১ হাজার ৩২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে ৬৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ২০৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম একজন ভর্তি হয়েছে রংপুরে।
