ইউনূসকে আন্তঃধর্মীয় সংলাপে আমন্ত্রণ ভ্যাটিকান দূতের
আর্চবিশপ র্যান্ডেল আগামী সেপ্টেম্বরে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যও প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে একটি আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন ভ্যাটিকান সিটির দূত কেভিন এস. র্যান্ডেল।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর এ আন্তঃধর্মীয় সংলাপ হবে।
সাক্ষাৎকালে ভ্যাটিকান দূত বলেন, এই সংলাপ দুটি দৃষ্টিভঙ্গিতে হবে। একটি একাডেমিক; আরেকটি ব্যবহারিক জায়গা থেকে।
“এই দুই দৃষ্টিভঙ্গির মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হওয়া সম্ভব হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হল, সহনশীলতা, সম্প্রীতি ও বন্ধুত্বের সংস্কৃতি গড়ে তোলা।”
আর্চবিশপ র্যান্ডেল আগামী সেপ্টেম্বরে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যও প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য আর্চবিশপকে ধন্যবাদ জানান এবং বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন। আমি এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
তিনি নতুন পোপের প্রতি শুভকামনাও জানান।
