১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যার আসামি বাবুর জামিন হাই কোর্টে

হামলাকারীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে আহত করে; পরদিন হাসপাতালে তিনি মারা যান।

সাংবাদিক নাদিম হত্যার আসামি বাবুর জামিন হাই কোর্টে
মাহমুদুল আলম বাবু। ফাইল ফটো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 08:55 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিন পেয়েছেন হাই কোর্টে। 

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জগলুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ২০২৩ সালের ১৪ জুন রাতে একদল হামলাকারী সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুর দুদিন পর ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাদিম হত্যা মামলার ১ নম্বর আসামি মাহমুদুল আলম বাবুর জামিন প্রশ্নে দেওয়া রুল যথাযথ করে জামিন দিয়েছেন হাই কোর্ট। 

এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিল করার জন্য নোট দেবেন বলে জানান তিনি।

সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন বিকালে মারা যান তিনি।

এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক তোলপাড় হয়। অপরাধীর শাস্তির দাবিতে দেশব্যাপী সাংবাদিকরা সোচ্চার হন। পালিত হয় নানা কর্মসূচি।

ওই ঘটনায় ১৮ জুন নাদিমের স্ত্রী বাদী হয়ে ২২ জনের নাম তুলে ধরে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিতই থাকল

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর জামিন প্রশ্নে হাই কোর্টের রুল