‘আমরা দিন আইন্না দিন খাওয়া মানুষ, বড় বিপদে পইড়া গেছি’
সহিংসতায় যে দুর্ভোগের শুরু কারফিউ জারি করায় তা দীর্ঘায়িত হয়। প্রতিদিন কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও তাতে ছন্দ ফেরেনি জনজীবনে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতা, পরে সহিংসতা থামাতে কারফিউ জারি- এই দুইয়ের চাপে স্থবির স্বাভাবিক জনজীবন। এমন বিশেষ পরিস্থিতিতে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়া রাজধানীর খেটেখাওয়া মানুষগুলো দুর্মূল্যের বাজারে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
এছাড়া ইন্টারনেট না থাকায় গ্যাস-বিদ্যুতের প্রিপেইড কার্ড রিচার্জে ঝক্কি, এটিএম বুথ ও ব্যাংক বন্ধ থাকায় টাকার সঙ্কটে পড়াসহ নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ।
কোটা সংস্কার আন্দোলন সংঘাতের রূপ নেয় গত ১৫ জুলাই থেকে। বাড়তে বাড়তে তা চজরম আকার ধারণ করে গত বৃহস্পতিবার। পথে পথে সহিংসতা, সরকারি-বেসরকারি স্থপনায় অগ্নিসংযোগ, ব্যাহক হতাহতে রাজধানী হয়ে হয়ে ওঠে অগ্নিগর্ভ।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে জারি করা হয় কারফিউ, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
ফলে সহিংসতায় যে দুর্ভোগের শুরু কারফিউ জারি করায় তা দীর্ঘায়িত হয়। প্রতিদিন কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও তাতে ছন্দ ফেরেনি জনজীবনে।
সোমবার বিকালে মিরপুরের কালশীতে কথা হয় রিকশাচালক আকরাম হোসেনের সঙ্গে। পরিবার নিয়ে তিনি থাকেন ওই এলাকার বালু বস্তিতে।
আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারফিউর সময়ে মানুষ রাস্তায় কম বের হওয়ায় যাত্রী পাচ্ছেন না।
“এ কারণে তো আয় কমছে আমাদের। আমরা তো দিন আইন্না দিন খাওয়া মানুষ। পরিবার পরিজন নিয়ে বড় বিপদে পইড়া গেছি।”
সোমবার ঢাকায় কারফিউ শিথিল ছিল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এসময়ে মিরপুর ১২ নম্বরের মুসলিম বাজারে কেনাকাটা করতে আসেন বেসরকারি চাকরিজীবী ওয়ালিউর রহমান। কিন্তু জিনিসপত্রের দাম শুনে আক্কেলগুড়ুম তার।
তিনি বলেন, “সবকিছুর দাম বেশি বাজারে। আগে চিচিঙ্গা কিনতাম ৩০-৪০ টাকা কেজি করে, এখন কিনলাম ৭০ টাকা কেজি।”
দাম বেশির কারণ জানতে চাইলে এই বাজারের বিক্রেতা মাহবুব হোসেন সবজিসহ সব পণ্যের যোগান কম থাকার কারণ দেখান।
“নাহলে দাম কমই থাকত। রাস্তা-ঘাট সব বন্ধ, মাল কম আসতেছে,” বলেন তিনি।
দেশে কারফিউ জারি খবর জানা ছিল না মোহাম্মদপুরের শেখেরটেকের বাসিন্দা রাজমিস্ত্রী জসীম আলীর। তাই অন্যান্য দিনের মতো শনিবার সকালে মোহাম্মদপুরের দিকে গিয়েছিলেন তিনি। তখন তার চোখে পড়ে রাস্তায় সেনা টহল।
জসিম বলেন, “রাস্তায় আর্মি নামছে জানতাম না। মাঝ রাস্তা থেইকা তারা ফিরায়া দিছে। তিনদিনের টাকা পাইতাম, সেইটাও আনতে পারলাম না। এখন ঘরে বাজার নাই, কেমনে চলব টাকা ছাড়া?”
শেখেরটেক এলাকায় গৃহকর্মীর কাজ করেন রূপবান বেগম। কারফিউর মধ্যেই তিনি কাজের জন্য বের হন তিনি।
রূপবান বলেন, “কাজ না করলে পেট চলবে কেমনে? আমাগোর তো কাজ করলে টাকা, না করলে নাই। পোলাপানরে কি খাওয়ামু?”
পেটের দায় কারফিউর মধ্যেই ঝুঁকি নিয়ে শনিবার সাভার থেকে রিকশা চালিয়ে ঢাকায় আসেন হালিম শেখ। তিনি বলেন, ভয় পাওয়ার উপায় তাদের নেই; কারণ রোজই তাদের রোজগারের জন্য ছুটতে হয়।
“অবস্থা ভালো না, আয়-রোজগার এক্কেবারে নাই। সকালে এক প্যাসেঞ্জার কষ্টের কথা শুইন্না ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিছে। আমাগোর আসলে মরণ হয় রাস্তায়, না হয় খিদায়।”
কারফিউ শিথিল হলে শেখেরটেকের রাস্তায় সবজি নিয়ে বসেন মো. মনসুর।
তিনি বলেন, বাজারে সরবরাহ কম থানায় ক্রেতারা দুইদিন আগের পুরনো সবজিই কিনছেন।
“কারফিউ যখন খুলে (শিথিল হলে) তখন একলগে সব মানুষ বাইর হয়। কিন্তু আমরা বাজার ঘুইরাওতো সবজি পাই না। এতে মানুষেরও ভোগান্তি আর আমাগোরও।”
বাজার করতে গিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন আফতাবনগরের বাসিন্দা তাসনোভা ওশিন।
কারফিউ শিথিলের সময় বাজার করতে বের হয়ে তিনি চাহিদামত পণ্য খুঁজে পাননি; যা মিলেছে সেগুলোর দামও ছিল বাড়তি।
তিনি বলেন, “বাসায় একা থাকি আমি; এর মধ্যে কোনো বাজার নেই বাসায়। বাজারে গিয়ে কোনো দোকানে দেখি পেঁয়াজ নেই; পেঁয়াজ ছাড়াই বাসায় আসছি। সবজিও কম।
“আর আমরা বাসার সব ময়লা নিচে রেখে আসি, ময়লার গাড়ি সেখান থেকে নিয়ে যায়। অনেকদিন ধরে কেউ নিতে আসছে না, গন্ধ ছড়াচ্ছে।”
এদিকে ইন্টারনেট না থাকায় বিদ্যুতের প্রি-পেইড কার্ড রিচার্জ করতে পারেননি মিরপুরের বাসিন্দা সুমি আক্তার। ফলে তীব্র গরমের মধ্যে শুক্রবার রাত থেকে দুদিন বিদ্যুৎহীন ছিলেন। এ পরিস্থিতিতে গ্রাহকদের লোন নেওয়ার সুযোগ দেওয়া হলে সোমবার সকালে লোন নিয়ে বিদ্যুৎ পান সুমি তিনি।
তিনি বলেন, “ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ হয়ে গেছিল; দেশের এ অবস্থায় মোমবাতি জ্বালিয়ে চলেছি এ কদিন।”
কারফিউ স্বস্তিও এনেছে
সংঘাতময় পরিস্থিতিতে কারফিউ আবার অনেকের মনে স্বস্তিও এনে দিয়েছে।
বাড্ডার বাসিন্দা সাদিক ইভান বলেন, “অনেক নিরাপদ বোধ হচ্ছে। সেনাবাহিনী দেখলে মনে হচ্ছে তারা আমাদেরকে কেয়ার করবে।”
মিরপুরের বাসিন্দা নাফিসা তাবাস্সুম জানান, দেশেজুড়ে হামলার কারণে যে আতঙ্কে ছিলেন, সেখান থেকে স্বস্তি পেয়েছেন তিনি।
“রাস্তায় বের হলে ভয় হত। এখন তো আর আগের মত অবস্থা নাই, তাই অনেক শান্তি শান্তি লাগছে।”
আয় কমলেও স্বস্তির কথা বলছেন রিকশাচালক এমদাদ হোসেন।
তিনি বলেন, “সংর্ষের মইধ্যে পড়ব; গাড়ি ভাইঙ্গা ফেলবে, এই ভয় এখন আর নাই। আর যাই হোক আমার রিকশাটার ক্ষতি হইতেছে না।”
