২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় জামিন নামঞ্জুর, সাবেক এমপি রুহি কারাগারে

মোহাম্মদপুর থানার ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বুধবার বিকেলে স্থানীয় একটি বাসা থেকে সাবেক এমপি রুহিকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 06:25 PM

Updated : 24 Sep 2026, 06:25 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহিকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

মোহাম্মদপুর থানার ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বুধবার বিকেলে স্থানীয় একটি বাসা থেকে সাবেক এমপি রুহিকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রাজু আহমেদ হত্যা মামলায় বৃহস্পতিবার রুহিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির।

আসামির পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, “তিনি (রুহি) দুইবারের সাবেক সংসদ সদস্য। প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সাবেক ভিপি। তার সঠিক দিক নির্দেশনায় সেখানকার হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা চালাচ্ছিল।

“রুহিকে একটি স্বার্থান্বেষী মহল মব সৃষ্টি করে পুলিশের আন্ডারে দেয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা নেই। সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে এ মামলায়। রাজনীতিতে ভালো মানুষ হিসেবে তিনি পরিচিত। তিনি অসুস্থও। আমেরিকার হাসপাতালে চিকিৎসা নেন। হার্টের রোগীও। যে কোনো শর্তে জামিন চাচ্ছি। প্রয়োজনে সাপ্তাহিক, এমনকি প্রত্যেকদিন হাজিরার নির্দেশ দিলে হাজির থাকবেন।"

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ জামিনের বিরোধিতা করে বলেন, “জুলাই আন্দোলনের হত্যা মামলা। আসামি ফ্যাসিস্ট হাসিনার একজন সংসদ সদস্য। ভিকটিম গুলিতে নিহত হয়েছেন। তার জামিন নামঞ্জুরের প্রার্থণা করছি।”

পরে শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে আদালত রুহিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের গলির সামনে বিক্ষোভ চলছিল। কুরিয়ার সার্ভিসটির কর্মচারী রাজু সেই বিক্ষোভ দেখছিলেন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৭ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

নেত্রকোনা-১ আসন থেকে আওয়ামী লীগ থেকে ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহি। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ছাত্রলীগের প্রার্থী হিসাবে ছাত্রসংসদ নির্বাচনে ভিপি হয়েছিলেন।

পুরানো খবর:

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি গ্রেপ্তার