১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আইন বিষয়ক সাংবাদিকদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন বিষয়ক সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে ‘গুরুত্বপূর্ণ সেতুবন্ধ’ বলেও মন্তব্য করেন মো. সাহাবুদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 08:39 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ণ রেখে আইন বিষয়ক সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিক মান এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে coলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আইন বিষয়ক সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে ‘গুরুত্বপূর্ণ সেতুবন্ধ’ অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, “আইন বিষয়ক রিপোর্টাররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ এবং নির্ভুল সংবাদ দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।” 

সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি মন্তব্য করে মো. সাহাবুদ্দিন বলেন, “বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।”

বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও এ সময় তুলে ধরেন রাষ্ট্রপতি। 

তিনি বলেন, “বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রাপ্তি আরো সহজ ও ত্বরান্বিত হবে।”

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ল রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।