২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, সিনেট ভবন থেকে হেঁটেই গেলেন শিক্ষার্থীদের সভায়

প্রেস সচিব বলেন, “এটা বিরল ঘটনা। হাজারো শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে দেখে হুমড়ি খেয়ে পড়ার মত অবস্থা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 07:12 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সাড়ে তিন দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সিনেট ভবন থেকে পায়ে হেঁটে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান । 

বাংলাদেশে সরকারপ্রধানেরা যেভাবে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকেন, তাতে এভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে হেঁটে চলাচল বিরল ঘটনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন তারেক রহমান। 

এরপর শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিতে তার অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে যাওয়ার কথা ছিল। সেজন্য গাড়িও প্রস্তুত ছিল। কিন্তু বেলা ১২টার কিছু আগে সিনেট ভবন থেকে বেরিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন প্রধানমন্ত্রী।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরাও তৎপর হয়ে ওঠেন। এভাবে প্রধানমন্ত্রীকে হেঁটে আসতে দেখে শিক্ষার্থীরা অনেকে করতালি দিতে থাকেন, অনেকে শ্লোগানও দেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। তবে ব্যবসায় জড়িয়ে পড়ে তার আর লেখাপড়া শেষ করা হয়নি। 

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো সরকারপ্রধান এভাবে নির্বিঘ্নে হেঁটে অনুষ্ঠানে গেলেন, এটা বিরল ঘটনা। হাজারো শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে দেখে হুমড়ি খেয়ে পড়ার মত অবস্থা হয়েছে। শ্লোগানও হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে।”

সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেড়শ শিক্ষার্থীর উপস্থিতিতে বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন।

৩৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা তুলে ধরে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “মনে হচ্ছে প্রায় ৩৫ বছর আগে ফিরে গেছি। ইউজিসির প্রোগ্রামটা শেষ করার পরে আমাকে ওখানে জিজ্ঞেস করলেন যে, আমি গাড়িতে যাব না হেঁটে।

“এত বছর পরে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছা ছিল হেঁটে একটু দেখতে দেখতে আসব। কিন্তু সে সৌভাগ্য হয়নি। বুঝতেই পারছেন কেন। ইনশাল্লাহ আরেকবার আসতে হবে।”

অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, “প্রধানমন্ত্রী যতুটুকু পথ হেঁটে এসেছেন, আপনি দেখবেন শিক্ষার্থীদের মধ্যে কী উচ্ছ্বাস ও উদ্দীপনা। এখানে নানা মতের ও আদর্শের শিক্ষার্থীর অবস্থান ছিল। কিন্তু তাদের রিঅ্যাকশটা স্মরণীয়।”