২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

“সমাজ ও রাষ্ট্র যদি সম্প্রীতিকে যদি হারিয়ে যেতে না দেয়, তাহলে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নিতে সমাজের সবার প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মীয়, নাগরিক ও স্বেচ্ছাসেবী প্রতিনিধিরা। 

ধর্মীয় নেতা এবং তরুণরা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় একটি বড় ভূমিকা পালন করতে পারেন বলেও তারা মত প্রকাশ করেছেন। 

রোববার রাজধানীর ফর্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী সম্প্রীতি সংলাপে এমন মতামত তুলে ধরা হয়।

যুক্তরাজ্য সরকারের সহায়তায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ‘এজেন্টস অব চেইঞ্জ: এ বাংলাদেশ ফ্রিডম অব রিলিজিওন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ’ কার্যক্রমের অংশ হিসাবে এ সম্প্রীতি সংলাপের আয়োজন করা হয়। বিভিন্ন নাগরিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরা এ সংলাপে অংশ নেন। 

হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরার সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম, ফোর্ব এজন্টেস অব চেইঞ্জ প্রজেক্টের ডিরেক্টর অপারেশন্স এবং চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার চার্লস রিড, ব্রিটিশ হাই কমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এফসিডিওর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার তাহেরা জাবীন ও এফসিডিওর গভর্নেন্স অ্যাডভাইজার শাহনাজ করীম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।

নানা সমাজিক বৈচিত্র্যের কথা তুলে ধরে প্রশান্ত ত্রিপুরা বলেন, “মানুষ মানুষে ভেদাভেদ ও অসমতা কমিয়ে এই বৈচিত্র্যকে সম্মান দেখাতে হবে। সমাজ ও রাষ্ট্র যদি সম্প্রীতিকে যদি হারিয়ে যেতে না দেয়, তাহলে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।” 

বাংলাদেশ এখন ‘একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে, যেখানে সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে।”

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম বলেন, সম্প্রীতি, কল্যাণ, শান্তি ও ভালোবাসা সব ধর্মেরই মূল বাণী।

“সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন মানবিক মর্যাদাকে অক্ষুণ্ন রাখা। সকল ধর্মের মমার্থ অনুযায়ী অহিংসার সমাজ গড়তে পারলে সমাজে সম্প্রীতি বজায় থাকবে।” 

ইসলাম ধর্মে আজানের মাধ্যমে কল্যাণময় সমাজ গঠনের আহ্বান জানানো হয় মন্তব্য করে তিনি বলেন, “ইসলাম ধর্মে ভিন্ন ধর্মের মানুষ ও প্রতিবেশীদের অধিকার রক্ষার কথা বারবার ব্যক্ত করা হয়েছে। আমাদের সব ধর্মেই মানুষের অধিকারের কথা বলা হয়েছে।” 

ধর্মীয় নেতা ও তরুণরা সম্প্রীতি প্রতিষ্ঠায় একটি বড় ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেন রফিক-উল ইসলাম।

ফোর্ব এজন্টেস অব চেইঞ্জ প্রজেক্টের ডিরেক্টর অপারেশন্স এবং চার্চ অব ইংল্যান্ডের পলিসি অ্যাডভাইজার চার্লস রিড বলেন, “বাংলাদেশে আমরা সবসময় দেখে আসছি তরুণ প্রজন্মের কার্যক্রমের মাধ্যমে তাদের লিডারশিপ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এখন সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ন্যাশনাল ফোরাম গঠিত হয়েছে। 

“যেসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে তা দেখে সত্যিই আমরা অনুপ্রাণিত ও মুগ্ধ। আমি আশা করি, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব।”  

মেয়েদের এবং সংখ্যালঘুদের বাদ দিয়ে সামাজিক সম্প্রীতি সুরক্ষা এবং ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব দেওয়া ‘সম্ভব নয়’ মন্তব্য করে এফসিডিওর গভর্নেন্স অ্যাডভাইজার শাহনাজ করীম বলেন, “বাংলাদেশের সব ধর্মের শান্তির ও হাতিয়ার হলো সমতা ও সম্প্রীতি। এর জন্য সিভিল সোসাইটির মাধ্যমে তরুণদেরকে কাজে লাগাতে হবে।”

এফসিডিওর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার তাহেরা জাবীন বলেন, “আমাদের উচিত নিজ নিজ ধর্ম সবার জন্য সম-অংশদারত্বের ভিত্তিতে কমিউনিটির সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। স্থানীয় পর্যায় ও জাতীয় পর্যায়ে সবাইকে নিয়ে কাজ করতে পারলে অসমতা দূর করা সম্ভব বলে বিশ্বাস করি।”