বিদেশে লোক পাঠানো ও তদবিরের নামে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার নারী
পল্টনে সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে প্রতারণা করে আসছিলেন তিনি, বলছে পুলিশ।
বিদেশ গমনেচ্ছু এক তরুণের মামলায় এক নারীকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, বিদেশ লোক পাঠানোর ‘প্রলোভন’ ছাড়াও সরকারি কর্মকর্তাদের বড় পদ পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন তিনি।
ঢাকার ইব্রাহিমপুর থেকে মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি দল।
পুলিশ বলছে, জোসনা খাতুন (৩৫) নামে সেই নারী পল্টনে সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে প্রতারণা করে আসছিলেন। ইতালিতে লোক পাঠানোর কথা বলে উঠতি তরুণদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করাই ছিল তার কাজ।
তাকে গ্রেপ্তারের পর সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘চক্রের জাল বিছিয়ে’ প্রতারণা করে আসছিলেন তিনি। সরকারি কর্মকর্তাদের শত কোটি টাকায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ‘চেয়ারম্যান’ বানিয়ে দেওয়ারও কথা বলতেন।
চক্রটির এক সদস্যকে গ্রেপ্তারের পর তার সূত্র ধরে জোসনা বেগমকে গ্রেপ্তারের কথা বলছে পুলিশ। চক্রটির বিরুদ্ধে টাকা নিয়ে ভুয়া ভিসা ধরিয়ে দেওয়া, পাসপোর্ট আটকে রেখে হয়রানি করার মত অভিযোগও রয়েছে।
সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, “তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল এক তরুণকে ইতালিতে পাঠাবে বলে টাকা নিয়ে সেটা আত্মসাতের মামলায়। গ্রেপ্তারের পর জানা গেল তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বড় বড় পদ পাইয়ে দেওয়ার তদবিরও করছেন। এ রকম প্রমাণও পাওয়া গেছে যে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করবেন বলে কারও কাছে শত কোটি দর হাঁকছেন জোসনা বেগম।
“তবে তার এমন কোনো সংযোগ পাওয়া যায়নি। আগাগোড়া পুরোটাই প্রতারণা। ঢাকার পল্টনে ৪০ হাজার টাকায় অফিসও ভাড়া নিয়ে বেশ গুছিয়ে বসেছিলেন। এর মধ্যেই সেই মামলায় (বিদেশ গমনেচ্ছু তরুণের মামলায়) তাকে গ্রেপ্তার করা হয়।”
পুলিশের এ কর্মকর্তা বলেন, “বিদেশ পাঠাবে বলে যার কাছ থেকে যেমন পারছেন, টাকা নিয়ে আসছেন। উদ্দেশ্যই হচ্ছে টাকাটা নিয়ে সটকে পড়া।”
সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, বিদেশ গমনেচ্ছু তরুণের মামলাটিতে আগে মিলন মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনিও বিদেশে লোভনীয় বেতনের চাকরির কথা বলে টাকা হাতিয়ে নিতেন। ভুয়া ভিসা দিয়ে, আবার কাউকে পাসপোর্ট আটকে রেখে হয়রানি করতেন।
