২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই অভ্যুত্থানে সম্মান জানানোর একমাত্র উপায় অপরাধীদের বিচার করা: ইউনূস

“জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল এমন সমাজ গড়া, যেখানে স্বাধীনতা, সমতা ও মর্যাদা হবে সব সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের মূলনীতি,” বলেন প্রধান উপদেষ্টা।

জুলাই অভ্যুত্থানে সম্মান জানানোর একমাত্র উপায় অপরাধীদের বিচার করা: ইউনূস
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক সেমিনারে বক্তব্য দেন। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

জুলাই অভ্যুত্থানের প্রতি সম্মান জানাতে হলে ওই সময়কার ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাই একমাত্র’ উপায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।    

তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে দুইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেগুলো পূর্ণ স্বাধীনতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে।

রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন বলে বাসসের খবরে বলা হয়েছে। 

মুহাম্মদ ইউনূস বলেন, হাজারো তরুণ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মুহূর্ত অতিক্রম করছে। জুলাই বিপ্লব ছিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের প্রতীক।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে ইউনূস বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি— এই দায়িত্ব আমি পূর্ণ আন্তরিকতার সঙ্গে পালন করব। তবে মনে রাখতে হবে, জুলাই বিপ্লব কেবল একটি স্বৈরাচারী সরকার পতনের ব্যাপার নয়। এটি ছিল সমাজজুড়ে বিদ্যমান গভীর অনিয়ম, পক্ষপাত ও ক্ষমতার বৈষম্যকে ধ্বংস করার এক প্রবল আকাঙ্ক্ষা।”

তিনি বলেন, এই বিপ্লবের লক্ষ্য ছিল এমন একটি সমাজ গড়া, যেখানে স্বাধীনতা, সমতা ও মর্যাদা হবে সব সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের মূলনীতি। আমরা আজ এই সংস্কার যাত্রার অংশ হিসেবে দায়বদ্ধ —যা আমরা জাতির প্রতি ঋণ হিসেবে বহন করছি। আমরা যে সংস্কারের কথা বলছি, তা কোনো তুচ্ছ পরিবর্তন নয়। বরং তা এমন মূলগত রূপান্তর, যা গত ৫৪ বছরেও করা হয়নি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই এমন পরিবর্তন, যা একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে — যেন তা স্বৈরাচারে রূপ না নেয়।

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে দেখেছি, কীভাবে গণতন্ত্রের নামে নির্বাচনী কৌশল প্রয়োগ করে ক্ষমতা কুক্ষিগত করা হয় এবং প্রশাসনিক কাঠামোকে ভেঙে ফেলা হয়। এসব স্বৈরতান্ত্রিক কৌশল রোধে প্রয়োজন নতুন শক্ত কাঠামো। 

“এই সংস্কার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিচারব্যবস্থা। একে স্বাধীন ও কার্যকর না করতে পারলে, কোনও অগ্রগতি সম্ভব নয়।”

স্বাধীনতা, দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে বিচারব্যবস্থা আজ পুনর্গঠনের পথে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে এই সংস্কার উদ্যোগ চলছে, আইন মন্ত্রণালয় এতে সক্রিয় ভূমিকা রাখছে। বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তারা দেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় সুগভীর গবেষণা করে প্রতিবেদন দিয়েছে। আনন্দের বিষয় হলো, কমিশনের সুপারিশ এবং প্রধান বিচারপতির প্রস্তাবনার মধ্যে অনেক জায়গায় মিল রয়েছে— যা একটি অভিন্ন লক্ষ্য ও প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি জানান, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে— অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি; বিচার প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি; উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে স্বচ্ছ ও নিরপেক্ষ নতুন ব্যবস্থা; জেলা আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বিচারক বদলির জন্য আলাদা বিধি প্রণয়ন এবং বিচার বিভাগের নিজস্ব সচিবালয় গঠন।

প্রধান উপদেষ্টা বলেন, যদি এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তাহলে এটি বাংলাদেশের নতুন ভোর আনবে; সেই স্বপ্নের প্রতিফলন হবে, যার জন্য এত রক্ত ঝরেছে।

তিনি বলেন, “আসুন, অতীতের বাধাগুলো ভুলে আমরা সামনে এগিয়ে যাই। বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা নিশ্চিত করে আমরা সমতা, মর্যাদা ও স্বাধীনতার এক সমাজ গড়ে তুলি।”

বাংলাদেশ সংস্কারের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে মন্তব্য করে অধ্যাপক ইউনূস বলেন, “প্রতিটি জাতির জন্য আসে এমন এক রূপান্তরের মুহূর্ত, একটি নতুন সূচনার সুযোগ। এটাই আমাদের সেই মুহূর্ত। আমরা চাই অতীতের অরাজকতা, দুঃশাসন, স্বৈরতন্ত্র দূর করে সুশাসন ও আইনের শাসনের পথে দেশকে এগিয়ে নিতে।

“এমন সুযোগ বিরল। অনেক জাতির জন্য এ একবারই আসে। আমাদের ক্ষেত্রেও হয়ত এটাই সেই একবারের সুযোগ। যদি আমরা তা হাতছাড়া করি, তাহলে এটা আর ফিরে নাও আসতে পারে।”

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ এই ঐতিহাসিক মুহূর্তে, আমাদের অঙ্গীকার হোক —আমরা এটা সফল করব, বাস্তবে রূপ দেব। কারণ এই সুযোগ আর ফিরে আসবে না।”