২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের আরো সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

ইউনূস স্পেনের প্রতি আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 08:41 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তায় বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসা স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগার সঙ্গে আলোচনার সময় তিনি এ আহ্বান জানান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে। 

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় রাষ্ট্রদূত জানতে চান, স্পেন তার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে কোনোভাবে সহায়তা করতে পারে কি না। 

মুহাম্মদ ইউনূস স্পেনের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে সংস্কারের চেষ্টা করছে তাতে যেকোনও সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানাবে। 

তিনি বিশেষভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ ও রেলপথের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “স্পেন আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে এবং আমাদের তৈরি পোশাক পণ্যের আমদানি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “উন্নয়ন খাতে স্পেনের সহায়তা আমাদের জন্য খুবই সহায়ক হবে।”

বর্তমানে প্রায় ৬০,০০০ বাংলাদেশি কর্মী স্পেনে কাজ করছে জানিয়ে ইউনূস স্পেনের প্রতি আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

সাক্ষাতে রাষ্ট্রদূত সিসতিয়াগা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য মুহম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের একটি চিঠি হস্তান্তর করেন।

তিনি স্পেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে ২০২৫ সালের ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে’ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টাকে। 

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্পেনের রানি সোফিয়াকে শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ করে বাংলাদেশে তার বেশ কয়েকটি সফরের সময় মধুর স্মৃতি স্মরণ করেন। 

তিনি স্পেনের রানিকে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।