হাতুড়ি পেটায় অটোরিকশার চালক খুন, আদালতে ২ জনের দোষ স্বীকার
অপর তিনজনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছে আদালত।
ঢাকা পল্লবীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল অজিদ বাচ্চুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জনের মধ্যে দুইজন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
অপর দুজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পল্লবী থানার আদালত প্রসিকিউশনের এসআই মো. ওয়াহিদ এ তথ্য দিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
এই দুইজন হলেন- সৌরভ সরকার (২০) ও ইয়াছিন মিয়া (২০)।
ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ অপর তিন আসামির রিমান্ডের আবেদন শোনেন।
আসামিদের আইনজীবী পার্থ প্রতীম বিশ্বাস রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আদালত মুসার (২৫) দুই দিন, দুলাল মিয়া (৩২) ও শাহজালালের (২৬) এক দিন রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।
গত ১৬ মে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ৪ নম্বর গেইট সংলগ্ন এলাকা থেকে অচেনা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, লাশটি আব্দুল অজিদ বাচ্চুর, যিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
র্যাব-৪ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে র্যাব-৪, র্যাব-৯ ও র্যাব সদর দপ্তরের যৌথ দল বৃহস্পতিবার বিকালে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ছিনতাই করা অটোরিকশাটি।
তার আগে ১৭ মে বাচ্চুকে হত্যার ঘটনায় তার বাবা ছিদ্দিকুর রহমান পল্লবী থানায় মামলা করেন।
