২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের চুক্তি সারতে শুক্রবার সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

সফরে হজযাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তাঁবুর এলাকা সংরক্ষণ, মক্কা-মদিনায় হোটেল ভাড়াসহ প্রয়োজনীয় চুক্তি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 08:47 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

চলতি বছর বাংলাদেশিদের হজের কার্যক্রমের জন্য সৌদি সরকারের সঙ্গে চুক্তি করতে শুক্রবার দেশ ছাড়ছে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা নিজেই কথা জানান। 

তিনি বলেন, “বুধবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ'র একটি পত্র আমরা পেয়েছি। পত্রে তিনি জানিয়েছেন, ২০২৫ সনের হজে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তাঁবুর এলাকা সংরক্ষণ, মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া, ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের মত গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও শুরু করা হয়নি। 

“এসব কার্যক্রম সম্পাদনের সর্বশেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া ও সকল ধরনের চুক্তি সম্পাদন এবং হজযাত্রীদের জন্য সকল প্রস্তুতি শেষ করার অনুরোধ করেছেন।” 

খালিদ হোসেন বলেন, “এই ডিওপত্রটি পাওয়ার পর আমরা গতকালই হজ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাসহ পত্র প্রেরণ করেছি। আমার নেতৃত্বে একটি ডেলিগেট হজচুক্তি সম্পাদনের জন্য আগামীকাল (শুক্রবার) সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করবে।” 

তিনি বলেন, “হজ ব্যবস্থাপনা একটি দ্বি-রাষ্ট্রীয় কার্যক্রম। হজযাত্রী প্রেরণকারী সংশ্লিষ্ট দেশ এবং সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। হজ ব্যবস্থাপনার প্রতিটি কার্যক্রমই সময়াবদ্ধ। 

“সৌদি সরকার ঘোষিত সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময় অনুসরণ করেই আমাদেরকে হজের প্রতিটি কার্যক্রম শেষ করতে হয়। এতে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করার কোন অবকাশ নেই। আমরা তাদের রোডম্যাপ ও বেঁধে দেয়া সময়ের মধ্যেই সকল কার্যক্রম সম্পন্নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এজেন্সি প্রতি ১০০ জন যাত্রী নির্ধারণের দাবি ছিল বেসরকারি হজ এজেন্সিগুলোর। তবে, এজেন্সি প্রতি হজযাত্রী কমানোর যে দাবি এজেন্সিগুলো জানিয়ে আসছিল, তা নিয়ে চেষ্টার কোনো ‘ত্রুটি’ রাখেননি বলেও জানান ধর্ম উপদেষ্টা। 

তিনি বলেন, গত ২ জানুয়ারি সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে- বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা ৫০০ জন করার আবেদন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘সুনির্দিষ্ট কমিটি’ অনুমোদন করেনি। অর্থাৎ এজেন্সি প্রতি ন্যূনতম এক হাজার হজযাত্রী নেওয়ার বাধ্যবাধকতা থাকবে। 

এ বছর সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের জন্য এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা ২ হাজার জন বলে জানান উপদেষ্টা। 

এজেন্সি প্রতি হজের কোটা নির্ধারণের বিষয়ে সৌদি সরকারই সিদ্ধান্ত নেয় জানিয়ে তিনি বলেন, “এতে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমরা বাস্তবতা ও এজেন্সির কথা বিবেচনায় এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা কমানোর চেষ্টা করেছি।

“আমি হজ এজেন্সি মালিক বা পরিচালকদের দুই-একদিনের মধ্যেই সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি।” 

সৌদি সরকারের কোটা অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু খরচসহ নানা কারণে নিবন্ধনে সাড়া না মেলায় সেই কোটার অর্ধেকের বেশি খালি থেকে যাবে।