Published : 01 Jun 2026, 04:36 PM
ঢাকার কাঁঠালবাগানে শরীরচর্চার জন্য ব্যবহৃত ডাম্বেলের আঘাতে এক কিশোর মারা গেছেন।
নিজেদের ভাড়া বাসায় ‘কথা কাটাকাটির জেরে’ তার ছোটভাই ডাম্বেল দিয়ে আঘাত করে বলে পুলিশের ভাষ্য; ঘটনাটি ঘটেছে রোববার রাতে।
এরপর খবর পেয়ে মধ্যরাতে ওই কিশোরের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক।
দুই ভাইয়ের বয়স ১৬ ও ১৭; কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি ভাড়া বাসায় থাকত দুই ভাই।
তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায়। দুই কিশোরের বাবা সিরাজুল সালেকিন দেশের বাইরে থাকেন। আর তাদের মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর দুই ভাই মিলে ওই বাসায় বসবাস করতেন।
ওসি ফজলে আশিক বলেন, “রোববার রাত সাড়ে ৯টার দিকে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোটভাই হাতে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
এ ঘটনায় সোমবার নিহতের চাচা রিয়াদুস সালেহিন সাদী একটি মামলা করেছেন।
ওই মামলার পর ছোট ভাইকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।