জুলাই সনদে সই করবে না এনসিপি
যেহেতু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সনদের ‘আইনি ভিত্তি অর্জন হবে না’, তাই একে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে দলটি।
জুলাই জাতীয় সনদে সই না করা এবং সনদ সইয়ের অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।
বৃহস্পতিবার মধ্যরাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
শুক্রবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের অনুষ্ঠান হবে। এ উপলক্ষে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আড়ম্বরপূর্ণভাবে ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘পরিস্কার’ না হওয়ার যুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের বিরোধিতা করেছে এনসিপি।
দিনভর ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধিদল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হাজির করানোর চেষ্টা করেছিল।
সেই চেষ্টা ব্যর্থ করে রাতে দলটির পক্ষ থেকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
এনসিপি নেতা মুশফিক উস সালেহীনের পাঠান ওই বার্তায় বলা হয়, আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা।
“আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই এখানে অংশ নিচ্ছি না। তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে সই করব।”
