২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কবি সৈয়দ তাকি মোহাম্মদের দাফন সম্পন্ন

পুরান ঢাকার সাত রওজা মহল্লায় নিজ বাসভবনে শুক্রবার রাতে মৃত্যু হয় তার।

কবি সৈয়দ তাকি মোহাম্মদের দাফন সম্পন্ন
সৈয়দ তাকি মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 11:49 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

কবি, সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদের (বুড্ডান সাহেব) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় জানাজার পর সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে দাফন হওয়ার কথা জানিয়েছেন সাংবাদিক ও গবেষক তরুণ সরকার।

শুক্রবার রাত ৮টার দিকে পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে মৃত্যু হয় তাকি মোহাম্মদের। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সৈয়দ তাকি মোহাম্মদ ১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাত রওজা মহল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার জমিদার। মুঘল আমল থেকেই পরিবারটি সাত রওজার এই ঐতিহাসিক বাসভবনে বসবাস করে আসছে।

সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাকি মোহাম্মদ ছিলেন সক্রিয়৷ বিভিন্ন সময়ে হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দেন তিনি। 

পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের আমৃত্যু মোতাওয়াল্লী ছিলেন সৈয়দ তাকি মোহাম্মদ।

সড়ক ও অঞ্চল ধরে ধরে ঢাকার বিবরণ দেওয়া এবং প্রচলিত ইতিহাসের ফাঁকফোকর চিনিয়ে দেওয়ার দক্ষতা ছিল তার। 

সৈয়দ তাকি মোহাম্মদের সংগ্রহে ছিল গত চারশ বছরের তৈজসপত্র, রেকর্ডপত্র, শিল্প নিদর্শনসহ নানা অমূল্য প্রত্ন সামগ্রী। 

রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত প্রদর্শনীর একটি বড় অংশ জুড়ে প্রদর্শিত হয়েছিল তার সংগৃহীত ঐতিহাসিক নিদর্শনসমূহ।