২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর সড়কে বাসের চাপায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

“দুর্ঘটনার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, তার নাম মো. মোস্তফা কামাল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা তিনি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 11:36 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় আহত মোটরসাইকেল চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার রাত ১২টার দিকে শ্যামলী স্পেলাইজড হাসপাতালে তার মৃত্যু হয় বলে বনানী থানার ওসি কাজী সাহান জানান।

বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুর্ঘটনার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, তার নাম মো. মোস্তফা কামাল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা তিনি।”

এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে ওসির ভাষ্য। 

গত শনিবার বিকাল ৪টার পর আর্মি স্টেডিয়ামের কাছে একটি মটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় একটি বাসের নিচে পড়ে। তাতে মটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং পরে তা বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

জে কে পরিবহনের বাসটি বিমানবন্দর থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা হয়। আহত মোস্তফা কামালকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পরে শ্যামলী স্পেলাইজড হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত ব্যাংকার মোস্তফা কামালের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।