১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 07:26 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোর নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনারের এই নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোতে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া নির্ধারিত এলাকায় ‘অনধিকার প্রবেশ’ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় পাবলিক প্লেসে শব্দযন্ত্রের ব্যবহার, সমাবেশ এবং মিছিল ইত্যাদি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে।

আর ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যে কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন।

আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।