মাদক বন্ধে সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা
”গডফাদার ধরা না পড়ার পেছনে আমাদের কতগুলো সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে।”
মাদক সবখানে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, "মাদক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এসব ধরার পরিমাণ অনেক বাড়লেও শুধু বহনকারী ধরা পড়ছে কিন্তু গডফাদারগুলো ধরা পড়ছে না। গডফাদার ধরা না পড়ার পেছনে আমাদের কতগুলো সংস্থা আছে তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরণের সহযোগিতা পাচ্ছি না।"
কারা সহযোগিতা করছে না তাদের নাম না নিয়ে উপদেষ্টা বলেন, "কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এটা আপাতত বলতে চাচ্ছি না।"
কীভাবে মাদক বন্ধ করা যায় সে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে তুলে ধরেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ অগাস্ট থেকে ধাপে ধাপে নির্বাচনের আগ পর্যন্ত চলবে বলে জানান উপদেষ্টা।
নির্বাচনের আগে পুলিশের বদলির বিষয়ক প্রশ্নে তিনি বলেন, "বদলি নিয়মিত ব্যাপার। এটা সবসময় হচ্ছে। আর নির্বাচনের আগে হলে এটা জানতে পারবেন।"
গুলশানে চাঁদা তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, "চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। গুলশানে চাঁদাবাজদের কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।"
