১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ জনের রিমান্ড

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানার মামলার পর তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 07:58 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

শনিবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্না তাদের তিন দিনের রিমান্ড আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল আবেদীন, বেল্লাল হোসেন, শ্রী অপূর্ব ব্যনার্জী, মো. আল আমিন ও মো. আনোয়ার হোসেন।

আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. সাইফুল ইসলাম।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল বলেন, রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।

শুক্রবার দেশের আট বিভাগে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুক্রবার মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা মামলা করেন। এরপর আসামিদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

আসামিরা পরস্পর যোগসাজসে প্রশ্নপত্র সরবরাহের কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।