Published : 26 May 2026, 10:26 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় শাহ আলম নামে এক পোশাককর্মী নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত ১৭ এপ্রিল দেওয়া সেই অভিযোগপত্রে ১১০ আসামিকে অব্যাহতির সুপারিশও করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই আবু জাফর মঙ্গলবার এ তথ্য দিয়ে বলেন, সাক্ষীরা আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মামলার ঘটনা প্রমাণ করবেন।
হাসিনা ছাড়াও অভিযোগপত্রে নাম থাকা আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি ওয়াকিল উদ্দিন, সাবেক ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান, যুবলীগ নেতা মুজিব মহসীন পিয়াস, আওয়ামী লীগ নেতা এম. এ কাইয়ুম, হাজী মো. ছালাম শিকদার, মো. হাবিবুল্লাহ ভূইয়া হ্যাপি, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল ও সাবেক কাউন্সিলর মো. মাসুম গনি ওরফে মাসুম গণি তাপস।
অব্যাহতির সুপারিশ পাওয়াদের মধ্যে রয়েছেন- কোতয়ালী জোনের এসি নজরুল, লালবাগ জোনের এডিসি সুজন সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ, শেখ মোরশেদ, কাজী আলামিন ও বদরুলসহ ১১০ জন।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনের সময় অফিস থেকে বাসায় ফিরছিলেন শাহ আলম। রাত ১০টার দিকে আফতাবনগর গেইটের পাশে তিনি গুলিবিদ্ধ হন শাহ আলম। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই বছরের ১৩ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ১ সেপ্টেম্বর তার ভাই মিজানুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন।