Published : 21 Jan 2026, 03:41 PM
মাঘ মাসের শীতে ‘বাঘ পালিয়ে যায়’ কথাটি প্রচলিত থাকলেও, এই মাসে এসে শীতের দাপট কিছুটা কমেছে।।
পৌষের শেষভাগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনুভূত হলেও মাঘের প্রথমাংশে তা অনেকটাই প্রশমিত।
অন্যান্য বছর এ সময়ে শীতের তীব্রতা থাকলেও এবার বাতাসের তুলনামূলক বেশি আদ্রতা, উত্তর-পূর্ব দিকের বায়ু প্রবাহ এবং কুয়াশা প্রকোপ কমায় শীত কিছুটা কম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
"বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান অনেকটাই বেশি, তাই শীত কম অনুভূত হচ্ছে।"
অন্যান্য বছর এ সময় শীতের তীব্রতা থাকলেও এবার তা কম অনুভূত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "এবার বাতাস অনেকটাই আদ্র, খেয়াল করে দেখবেন এবার ঠোঁট ফাটছে কম। এই আদ্রতার কারণে শীত কম অনুভূত হচ্ছে। আর পৌষ মাসের শেষ দিকে যে কুয়াশা প্রকোপ বেশি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছিল।
"দেশের বেশিরভাগ এলাকায় বেলা বাড়তেই কুয়াশা কেটে যাচ্ছে অনেকটাই, ঝলমলে রোদের দেখা মিলছে। আর অন্যান্য বছর এ সময় উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাসের প্রবাহ থাকলেও এখন বাতাস প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে। এসব কারণে শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী কিছু দিন এ অবস্থা বজায় থাকার সম্ভাবনা আছে।"
বুধবার আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, বুধ থেকে রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ পাঁচদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরির্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রোববার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরির্তিত থাকতে পারে।
এর পরের পাঁচদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।