২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাশেদুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মো. রাশেদুল কাউসার ভূইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাশেদুল কাউসার ভূইয়া ও তার স্ত্রী মোসা. লুৎফুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান ওই দুজনের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলেন, রাশেদুলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা, ভারতে গরু পাচার করা এবং টেন্ডার ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তিনি সপরিবারে বিদেশে পালাতে পারেন, যা ঠেকানো একান্ত প্রয়োজন।

রাশেদুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কসবা উপজেলার সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি।