গ্লোবাল ইয়ুথ লিডারের স্বীকৃতি পেলেন এইচআর লাইনসের এমডি রাইমা চৌধুরী
এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিও বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
মর্যাদাপূর্ণ ‘২০২৪ গ্লোবাল ইয়ুথ লিডার’ পুরস্কারে ভূষিত হয়েছেন এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরী।
সম্প্রতি অস্ট্রিয়ায় জাতিসংঘের ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত '২০২৪ ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স ডিজাইনিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট' অনুষ্ঠানে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স এক বিবৃতিতে জানায়, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন এশিয়ার কার্যনির্বাহী সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী কন্টেইনার জাহাজের একমাত্র মালিক ও অপারেটর কর্ণফুলী গ্রুপের কোম্পানি এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরীকে তার অসামান্য কাজের জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রাইমা চৌধুরীর গ্লোবাল ইয়ুথ লিডার হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এ স্বীকৃতি তার পরিবেশ এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করার, সমুদ্র খাতকে পরিবেশবান্ধব করার এবং শিপিং ও লজিস্টিকস খাতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরে।
এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিও বলে মন্তব্য করেন তিনি।
