Published : 30 Apr 2026, 07:40 PM
জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণ থাকায় এই শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ষষ্ঠ থেকে একাদশ পর্যন্ত বিভিন্ন শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থী এদিন সংসদ অধিবেশনের কার্যক্রম দেখতে আসেন।
বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময় হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, “আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলেন।”
প্রধানমন্ত্রী দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।
শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদ গ্যালারিতে শিশুদের জন্য বরাদ্দ ৫০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।