সাবেক এমপি শফিউল ইসলামের তিন দিনের রিমান্ড
জামিনের আবেদন খারিজ করে ঢাকার মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রউফ নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আল মাহমুদ শরীফ সাবেক এই সংসদ সদস্যের (এমপি) ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড না নেওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আদালত শফিউল ইসলামের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
বুধবার বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই-অগাস্ট আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত হন রউফ।
এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার আসামিদের তালিকায় ৭ নম্বরে আছেন শফিউল ইসলাম মহিউদ্দিন।
২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছে নির্বাচিত হন শফিউল ইসলাম।
ব্যবসায়ী শফিউল বিজিএমইএ এরও সাবেক সভাপতি।
