২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার আমেজ ছড়াল বইমেলায়

মেলার তৃতীয় দিন নতুন বই এসেছে ৩২টি।

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 11:48 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

রাজধানীর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে সোমবার বিকালে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সাহিত্যিক আহমাদ মাযহার। তার গন্তব্য অমর একুশে বইমেলা। 

যুক্তরাষ্ট্র প্রবাসী এই লেখকের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তিনি জানান, এবার মেলায় তিনটি নতুন বই আসছে তার। আর মেলা এলেই দেশে ফেরার টান বেড়ে যায়, বললেন সে কথাও। 

আহমাদ মাযহার মনে করেন, "তরুণ সাহিত্যিকদের মধ্যে এখন অনেকেই ভালো লিখছেন। বইমেলায় তরুণদের সামনে তুলে ধরার ব্যাপারে আরও বিস্তৃত পরিকল্পনা দরকার। আমাদের পাঠ অভ্যাস বাড়ানোও জরুরি।”

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতেই দেখা গেল, বিগত দুই দিনের তুলনায় মেলায় পুলিশের তৎপরতা কিছুটা বেশি। ঢোকার আগে প্রায় সবাইকে ফটকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। 

তবে বাংলা একাডেমির সামনের সড়কে আবার অন্যচিত্র; ভ্রাম্যমাণ হকারদের ভিড়। নানা পণ্য সাজিয়ে বসেছেন তারা। এতে মেলা প্রাঙ্গণে প্রবেশে বিড়ম্বনা পোহাতে হচ্ছে ক্রেতা-দর্শনার্থীদের।

সোমবার ছিল বইমেলার তৃতীয় দিন। মেলা শুরু হয় বিকাল ৩টায়; চলে রাত ৯টা পর্যন্ত।

এদিন মেলা প্রাঙ্গণে ছিল সরস্বতী পূজার আমেজ। মিরপুর থেকে জগন্নাথ হলে সরস্বতী পূজায় এসেছিলেন শিল্পী সাহা। পূজার মণ্ডপ থেকে তিনি বন্ধুদের সঙ্গে আসেন বইমেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরস্বতী পূজায় তো ক্যাম্পাসে অনেক মজা করি। আমরা বন্ধুরা পূজা থেকে মেলায় এসেছি। 

“অনেক আনন্দ করছি, ছবি তুলছি। এখনো বই কেনা হয়নি; মেলার শেষ দিকে কিনব।"

সন্তানদের নিয়ে মেলায় এসেছেন কৃষ্ণা রাণী সরকার। তিনি বলেন, "পূজায় তো ঘুরতে বের হয়। বইমেলা থাকায় বাড়তি আনন্দ যোগ হয়েছে। ছেলেমেয়েদের বই কিনে দিয়েছি; ভালো লাগছে।"

মেলায় নবান্ন প্রকাশনীর স্টলে বসেছিলেন যাত্রাশিল্পী মিলন কান্তি দে। মেলায় এসেছে তার আত্মজীবনী গ্রন্থ 'আমি যে এক যাত্রাওয়ালা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "যাত্রাশিল্পের সঙ্গে আমার জীবনের নানা অধ্যায় এই বইয়ে লিখেছি।"

নতুন বই

বইমেলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, সোমবার মেলার তৃতীয় দিন নতুন বই এসেছে ৩২টি। মেলার মাঠে ঘুরে আরো কিছু নতুন বইয়ের তথ্যও জানা গেছে।

আগামী প্রকাশনী এনেছে ফরহাদ মজহারের বাংলাদেশ, সমাজ, রাজনীতি বিষয়ক বই 'গণপ্রতিরক্ষা', প্রথমা এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর 'উনসত্তরের গণ-ভ্যুত্থান ও জন মুক্তির প্রশ্ন'।

প্রকাশনা সংস্থা ঐতিহ্য এনেছে ৪ খণ্ডে মধুসূদন রচনাবলি এবং আসাদ চৌধুরীর 'বাংলাদেশের উর্দু সাহিত্য'। 

কথা প্রকাশ এনেছে ফজলে রাব্বীর 'মৃণাল সেন জীবন ও সিনেমা', ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদনায় 'নানা চোখে জীবনানন্দ'। 

জ্ঞানকোষ এনেছে নোবেলজয়ী লেখক হান কাংয়ের 'দ্য হোয়াইট বুক'। অনুবাদ করেছেন মোস্তাক শরীফ।

বইমেলার অনুষ্ঠান

এদিন ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি চঞ্চল আশরাফ ও শিশুসাহিত্যিক আতিক হেলাল।  

বাংলা একাডেমি প্রাঙ্গণে মূলমঞ্চে হয় ‘হায়দার আকবর খান রনো: আজীবন বিপ্লব-প্রয়াসী’ শিরোনামে আলোচনা।

প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাব হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল্লাহ আল ক্বাফী রতন, জলি তালুকদার ও অনন্যা লাবণী পুতুল। সভাপতিত্ব করেন দীপা দত্ত।

সোহরাব হাসান বলেন, "বাংলাদেশের বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন হায়দার আকবর খান রনো। তিনি ছিলেন দেশের বাম রাজনীতির একই সঙ্গে ছাত্র ও শিক্ষক। 

“অগ্রজদের কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন, সেটাই তিনি পৌঁছে দিয়েছেন অনুজ কমরেডদের কাছে। হায়দার আকবর খান রনো কখনও কট্টরপন্থার অনুসারী ছিলেন না। তিনি ভিন্ন মেরুর বামপন্থী নেতাদের একসঙ্গে বসিয়ে আলোচনার পথ খুলে দিতে সচেষ্ট ছিলেন। 

সোহরাব হাসান বলেন, “বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে রনোর ভূমিকা ছিল প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ। 

“তিনি মার্ক্সবাদী দর্শন ও বিজ্ঞানের জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ ভাষায় পাঠকদের কাছে তুলে ধরেছেন।"

আলোচনা পর্বের পর কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান ও রেজাউদ্দিন স্টালিন। আবৃত্তি পরিবেশন করেন মাহমুদা সিদ্দিকা সুমি ও হ্যাপি হাবিবা।

ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’-র পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন এ কে এম শহীদ কবির, রেজাউল করিম, মিরাজুল জান্নাত সোনিয়া, রত্না দাস, দেবাশীষ শর্মা ও মাহমুদুল হাসান। 

যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), রবিনস চৌধুরী (কী-বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) ও ফিরোজ খান (সেতার)।

মঙ্গলবার যা থাকছে

মঙ্গলবার বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে হবে ‘কুমুদিনী হাজং’ নিয়ে আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন পাভেল পার্থ। আলোচনায় অংশগ্রহণ করবেন মতিলাল হাজং ও পরাগ রিছিল। সভাপতিত্ব করবেন আবু সাঈদ খান।