২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় দেড় বছরের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মাসুম ও রিপন

তাদের উদ্ধারের জন্য ভুক্তভোগীদের পরিবার থেকে গত বছরের নভেম্বরে ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করে।

লিবিয়ায় দেড় বছরের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মাসুম ও রিপন
বিমানবন্দরে একজন ব্র্যাককর্মীর সঙ্গে মাসুম ও রিপন। ছবি: ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

দীর্ঘ দেড় বছর লিবিয়ায় পাচারকারী চক্রের হাতে জিম্মি থাকার পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মুন্সীগঞ্জের মাসুম মোল্লা ও গাজীপুরের রিপন শিকদার। 

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম লিবিয়ার সমন্বিত উদ্যোগে তারা মুক্ত হয়ে দেশে ফিরেছেন।

শনিবার ভোর ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে আরও ১২৩ বাংলাদেশির সঙ্গে 

তারা লিবিয়ার ত্রিপোলি থেকে ঢাকায় পৌঁছান বলে সোমবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মানবপাচার প্রতিরোধ প্রকল্পের মাধ্যমে তাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সহায়তা দেওয়া হয়। 

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) বলেন, “তাদের উদ্ধারের জন্য ভুক্তভোগীদের পরিবার থেকে গত বছরের নভেম্বরে ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করে। এরপর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবার নিরলস প্রচেষ্টায় দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি পান দুই বাংলাদেশি।”

তিনি বলেন, “ইউরোপে পাঠানোরে প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয়, তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখালেও তারা চাকরি পায় না। উল্টো অধিকাংশকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি রেখে শারীরিক নির্যাতন করা হয়। এরপর তাদেরকে জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় অর্থ। এতকিছুর পরেও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না।” 

শরিফুল বলেন, সমস্যা সমাধানে সাধারণ মানুষ ও বিদেশগামীদের সবার আগে সচেতন হতে হবে। এলাকার স্থানীয় দালাল ও মানবপাচার চক্রকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান চালাতে হবে। বিশেষ করে অর্থের লেনদেন খুঁজে বের করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

বিমানবন্দরে বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে গত আট বছর ধরে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন, এভিয়েশন সিকিউরিটিসহ (এভসেক) সবার সহযোগিতায় গত আট বছরে ৩৫ হাজারের বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে; শুধু ২০২৪ সালেই ৪০ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক ও মানবপাচার বিরোধী লড়াইয়ে ভূমিকা রেখে যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো-২০২৪ পুরস্কারে ভূষিত আল-আমিন নয়ন ও মালয়েশিয়া থেকে ফেরত আসা রায়হান কবিরসহ একটি টিম এই কাজে যুক্ত আছেন। প্রবাসে সংকটে আছেন এমন যে কেউ ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।