মেঘনায় ঝড়ে ডুবল নৌকা, নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ৪
বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কুমিল্লার হোমনা থেকে নারায়ণগঞ্জের আনন্দবাজারে যাচ্ছিলেন তারা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে গেছে।
সোনারগাঁওয়ের আনন্দবাজারে আমান ফ্যাক্টরির সামনে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনায় এক নারীর লাশ উদ্ধার ও তিন শিশুসহ চারজনের নিখোঁজের কথা জানিয়েছে নৌ পুলিশ।
বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কুমিল্লার হোমনা থেকে নারায়ণগঞ্জের আনন্দবাজারে যাচ্ছিলেন তারা।
বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, “নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে দুটি গরু ও একটি খাসি ছিল। ঝড়ের কবলে পড়লে নৌযানটি ডুবে যায়।”
নৌ পুলিশ বলছে, নৌকাডুবির ঘটনায় রায়সা খাতুন (৪০) নামে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও তিন শিশু ও প্রাপ্তবয়স্ক এক পুরুষ নিখোঁজ রয়েছেন।
পরিদর্শক শাহ কামাল বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দল ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
