Published : 06 Nov 2025, 09:31 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়।
ইসি সচিব আখতার আহমেদ পরে জানান, প্রাথমিক বাছাইয়ের পর আপত্তি ওঠায় ৭টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি।
"৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হল। আবেদন করায় আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।"
এবার নির্ধারিত সময়ে ৩১৮টি এবং পরে ১৩টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে টিকেছিল ৭৩টি সংস্থা। দাবি-আপত্তি শেষে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন।
আগের যত পর্যবেক্ষক সংস্থা
>> নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মত পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চালু হয়। এক বছর করে মেয়াদ নির্ধারণ করা হলেও পরে তা পাঁচ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়।
>> ২০০৮ সালে ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দেয় তৎকালীন এটিএম শামসুল হুদা কমিশন। তখন নিবন্ধনের মেয়াদ ছিল এক বছর। নবম সংসদ নির্বাচনে দেশি ৭৫টি প্রতিষ্ঠান ভোট পর্যবেক্ষণে ছিল।
>> ২০১১ সালে নিবন্ধন দেওয়া হয় ১২০টিকে। এগুলোর নিবন্ধনের মেয়াদ ২০১৬ সালের জানুয়ারিতে শেষ হওয়ার পর কাজী রকিবউদ্দিন আহমদ কমিশন তা আরও এক বছর বাড়ায়। দশম সংসদে ভোট পর্যবেক্ষণে ছিল ৩৫টি সংস্থা।
>> ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে আবেদন জমা পড়ে ১৯৯টি; কে এম নুরুল হুদা কমিশন নিবন্ধন দেয় ১১৯টিকে। মেয়াদ শেষ হয় পাঁচ বছর পর চলতি জুলাই মাসে। একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে ৮১টি দেশি সংস্থা।
>> দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কাজী হাবিবুল আউয়াল কমিশন ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়।
পুরনো খবর
নির্বাচন পর্যবেক্ষকের নিবন্ধন পাচ্ছে ৭৩ সংস্থা
৯৬ প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল, নির্বাচন পর্যবেক্ষকের নতুন নীতিমালা