১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

বিয়েবাড়িতে ‘অতিরিক্ত মদপান’, অটোরিকশা চালকের মৃত্যু

“সকাল থেকে বলছিল, ‘ভালো লাগছে না আমার’।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 03:12 PM

Updated : 16 Oct 2026, 03:12 PM

ঢাকার কদমতলী এলাকার এক অটোরিকশা চালক বিয়েবাড়িতে ‘অতিরিক্ত মদপানের’ পর অসুস্থ হয়ে মারা গেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

৩৭ বছর বয়সি রনি হোসেন কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। বছর দুয়েক আগে লাইজু নামের একজনকে বিয়ে করেন রনি। এ মাসেই এ দম্পতির সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা।

রনিরা এক ভাই, এক বোন।

ছোট বোন রানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাই তার প্রথম সন্তানের মুখ দেখার আগেই দুনিয়া থেকে চলে গেল । এই মাসেই আমার ভাই-ভাবির প্রথম সন্তান দুনিয়াতে আসবে।

“কী জীবন হায়রে, নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না! এমন জীবন যেন কারও না হয়। আমার বাবা-মা নাই, আমার ভাই আর আমি ছিলাম। ভাইকে হারিয়ে আমি একা হয়ে গেলাম।”

রনিকে হাসপাতালে নিয়ে আসা তার ফুফাত ভাই রবিউল্লা বলেন, “গত ১৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমার ভাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে প্রচুর পরিমাণে মদ পান করেন আমার ভাই। এরপর থেকে তিনি বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন এই দুদিন।

“আজ তার অবস্থা হঠাৎ একটু বেশি খারাপ হয়ে যায়। সকাল থেকে বলছিল, ‘ভালো লাগছে না আমার’। পরে হাসপাতালে নিয়ে আসি।”

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।